অবৈধ অভিবাসীদের জন্য বড় সুখবর দিল কুয়েত

অনলাইন ডেস্ক
অবৈধ অভিবাসীদের জন্য বড় সুখবর দিল মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। তাদের তিন মাসের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করল দেশটির সরকার।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৪ মার্চ) জানিয়েছে, আগামী ১৭ মার্চ থেকে শুরু হয়ে ১৭ জুন পর্যন্ত- তিন মাস অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।

পবিত্র রমজান মাস এবং শেখ মিশাল আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ নতুন আমির হওয়ায় এই সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে।
এই সময়ের মধ্যে অবৈধ অভিবাসীরা নির্দিষ্ট জরিমানা প্রদান করে বৈধ হতে পারবেন। বৈধ হতে প্রতিদিনের জন্য ২ দিনার এবং সর্বোচ্চ ৬০০ দিনার জরিমানা দিতে হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ১৫ হাজার টাকার সমান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, যারা জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন না তারা যে কোনও দিক দিয়ে কুয়েত ছাড়তে পারবেন। এজন্য তাদের কোনও জরিমানা করা হবে না। আর যারা কুয়েত ছেড়ে চলে যাবেন তারা নতুন অনুমতি নিয়ে আবারও দেশটিতে ফিরতে পারবেন।

এই সাধারণ ক্ষমার সময় যারা জরিমানা দিয়ে বৈধ হবেন না বা চলে যাবেন না তাদের পরবর্তীতে আটক করা হবে এবং নিজ দেশে ফেরত পাঠানো হবে। এরপর তারা কখনও আর কুয়েতে ফিরতে পারবেন না এবং ফেরত পাঠানোর সময় আইন অনুযায়ী জরিমানা আদায় করা হবে।

যারা প্রশাসনিক সমস্যায় আছেন এবং যাদের বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে তাদের রেসিডেন্সি অ্যাফেয়ার্স বিভাগে আবেদন করতে হবে। এরপর যাছাই-বাছাই করে জানিয়ে দেওয়া হবে তারা কুয়েতে থাকার যোগ্য কি না।

কুয়েতে বর্তমানে কয়েক হাজার অবৈধ অভিবাসী রয়েছেন। যদিও এর নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করে না দেশটির সরকার। এর আগে ২০২১ সালে অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল দেশটির কর্তৃপক্ষ। সূত্র: কুয়েত টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights