অবৈধ ভাসমান দোকান উচ্ছেদে ডিএমপির বিশেষ অভিযান, গ্রেফতার ১০

অনলাইন ডেস্ক

রাজধানীর রাস্তা ও ফুটপাত থেকে অবৈধ ভাসমান দোকান উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগ। এ সময় জরিমানা-মালামাল জব্দসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১৮ মে) সড়কে যানজট নিরসন ও নগরবাসীর স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিতে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিসি তালেবুর রহমান জানান, নিউমার্কেট থানাধীন কাঁটাবন, বাটা সিগন্যাল ও এলিফ্যান্ট রোডে গাউছিয়া মার্কেট বরাবর মূল সড়কের দুই পাশে বিভিন্ন অবৈধ ভাসমান দোকানপাট গড়ে উঠেছিলে এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান অবৈধভাবে তাদের মালামাল রাস্তায় ও ফুটপাতে ফেলে রেখেছিল। যার ফলে যানবাহন ও পথচারীদের চলাচলে চরম বিঘ্ন ঘটছিল। বারবার নির্দেশনা সত্ত্বেও অবৈধ দোকানপাট ও মালামাল না সরানোয় রবিবার (১৮ মে) রমনা বিভাগ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

তিনি আরো জানান, অভিযান চলাকালে ডিএমপি অধ্যাদেশ অনুযায়ী রাস্তায় থাকা অবৈধ মালামালগুলো জব্দ করা হয়। এসময় মূল সড়কে অবৈধভাবে মালামাল রেখে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অপরাধে ১০ জনকে গ্রেফতার ও ছয় প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। পরে গ্রেফতারকৃতদের সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড এবং অনাদায়ে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অভিযানে মোট ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তাছাড়া যেসব কাঠের চৌকি এবং প্লাস্টিক সামগ্রী অবৈধ দোকান ও ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ব্যবহার করা হতো সেগুলো জব্দ করে ধ্বংসের নির্দেশ দেওয়া হয়। এছাড়াও রাস্তার উপর ফেলে রাখা মালিকানাবিহীন কিছু সবজি জব্দ করা হয়। পরে সবজিগুলো থানা পুলিশের উদ্যোগে আজিমপুর এতিমখানায় দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights