অবৈধ মজুত ও অতিমুনাফা ঠেকাতে বাজারে মনিটরিং: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

অনলাইন ডেস্ক

রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং অবৈধ মজুত ও অতিমুনাফা প্রতিরোধে বাজারে নিয়মিত তদারকি করা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

শনিবার (৭ মার্চ) রাজধানীর শ্যামবাজার পাইকারি বাজার পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

প্রতিমন্ত্রী বলেন, শ্যামবাজার রাজধানীর অন্যতম বড় পাইকারি বাজার। এখান থেকে ঢাকার বিভিন্ন এলাকায় সবজি, মসলা ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হয়। রমজান ও ঈদকে সামনে রেখে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কেউ যেন অবৈধভাবে পণ্য মজুত করে অতিমুনাফা করতে না পারে—সেই বিষয়টি নিশ্চিত করতে এই পরিদর্শন পরিচালনা করা হয়েছে।

তিনি জানান, বাজারের বিভিন্ন দোকানে গিয়ে মসলাসহ বিভিন্ন পণ্যের মজুত ও দাম যাচাই করা হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে বাজার পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

পরিদর্শনের সময় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা শ্যামবাজার এলাকায় জলাবদ্ধতা ও ড্রেনেজ সমস্যার বিষয়টি প্রতিমন্ত্রীর নজরে আনেন।

এ বিষয়ে ইশরাক হোসেন বলেন, জনগণ যদি এগিয়ে এসে সমস্যাগুলো তুলে ধরেন, তাহলে সেগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া সম্ভব।

তিনি আরও জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী, ট্রাফিক বিভাগ, সিটি করপোরেশন, ওয়াসা ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে সমন্বিতভাবে কাজ শুরু করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর প্রথম ১০ দিনে নেওয়া বিভিন্ন কার্যক্রম এবং মাঠপর্যায়ে যেসব সমস্যার মুখোমুখি হতে হয়েছে, সেসব বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।

এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম ও মোহাম্মদ হাসানুজ্জামান উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী জানান, সংশ্লিষ্ট কর্মকর্তারা মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছেন এবং সরাসরি বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights