অভয়নগরে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, সিলগালা-জরিমানা

নিজস্ব প্রতিবেদক, যশোর
যশোরের অভয়নগরে বৃহস্পতিবার দুপুরে অবৈধ ও নানা অব্যবস্থাপনায় পরিচালিত প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে লাইসেন্স না থাকায় একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। অপারেশন থিয়েটারে ইজিবাইকের লাইট ব্যবহারের মতো গুরুতর অনিয়মের অভিযোগে একটি প্রাইভেট হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় কাগজপত্র ও বৈধ লাইসেন্স না থাকায় মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়। একই সঙ্গে ভোক্তা অধিকার ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে আল মদিনা প্রাইভেট হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আল মদিনা প্রাইভেট হাসপাতালে অভিযানকালে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ পরিবেশ দেখা গেছে। হাসপাতালটির অপারেশন থিয়েটারে (ওটি) সাধারণ ইজিবাইকের লাইট ব্যবহার করা হচ্ছিল। এছাড়া খাবার পানির উৎসের পাশেই ময়লার স্তূপ, শয্যা সংকট এবং রোগীদের কোনো রেজিস্টার্ড তালিকা সঠিকভাবে সংরক্ষণ না করাসহ একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দিন দীপু, সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শোভন বিশ্বাস।
ইউএনও শেখ সালাউদ্দিন দীপু সাংবাদিকদের বলেন, জনস্বার্থে স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা নিশ্চিত করতে এবং অনিয়মকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights