অভিজাত এলাকায় গাড়ির যন্ত্রাংশ চুরি, চক্রের ৪ সদস্য গ্রেফতার

অনলাইন ডেস্ক
রাজধানীর অভিজাত এলাকাগুলো থেকে দামি গাড়ির যন্ত্রাংশ চুরি করে গোপন গোডাউনে মজুত রাখার অভিযোগে একটি চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান থানা। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ৭ লাখ টাকা মূল্যের চোরাই যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, মো. জসিম (৪০), মো. হারুন (৫০), আলামুন হুদা ওরফে মোল্লা (৬২) ও সুলতান (৪২)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে গুলশান থানার একটি মামলার তদন্তের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর যাত্রাবাড়ী, মুগদা ও সবুজবাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে উত্তর মুগদার একটি গোপন গোডাউনে অভিযান চালানো হয়। সেখান থেকে বিভিন্ন মডেলের গাড়ির লুকিং গ্লাস, গ্লাসের কভার ও বডি, লোগো, নোয়া গাড়ির হেডলাইট ও ব্যাকলাইটের কভার এবং বিভিন্ন গাড়ির দরজার বিট উদ্ধার করা হয়।

গুলশান থানা সূত্রে জানা যায়, চক্রটি দীর্ঘদিন ধরে গুলশান, বনানী, ৩০০ ফিট, উত্তরা ও ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় পার্ক করে রাখা দামি ও দুর্লভ গাড়ির যন্ত্রাংশ চুরি করে আসছিল। পরে এসব যন্ত্রাংশ চড়া দামে বিক্রির উদ্দেশ্যে গোপন গোডাউনে মজুত করত তারা।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights