অভিশংসন ঝুঁকি, ছয় মাস পর পেন্টাগনে সংবাদ সম্মেলন করবেন হেগসেথ

অনলাইন ডেস্ক

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দীর্ঘ ছয় মাস পর মঙ্গলবার পেন্টাগন থেকে তার প্রথম সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন। এর মাত্র একদিন আগেই ইরানের সঙ্গে চলমান অত্যন্ত অজনপ্রিয় যুদ্ধ এবং অন্যান্য বিতর্কিত পদক্ষেপ পরিচালনার অভিযোগে এক রিপাবলিকান আইনপ্রণেতা তাকে অভিশংসন করার জন্য আনুষ্ঠানিক উদ্যোগ নিয়েছেন। গত মে মাসের পর এটিই হবে হেগসেথের প্রথম কোনো ব্রিফিং। অথচ এই সময়ের মধ্যে মার্কিন সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে থেমে থেমে সামরিক অভিযান অব্যাহত রাখার পাশাপাশি ল্যাটিন আমেরিকায় মাদক পাচারে অভিযুক্ত নৌকাগুলোতে প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে।

আসন্ন এই সংবাদ সম্মেলনে অভিশংসনের হুমকি নিয়েই মূল আলোচনা হবে বলে জানিয়েছেন হেগসেথ। তিনি এই লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রচারণার ঝড় তুলেছেন তিনি। হেগসেথ স্পষ্ট ভাষায় বলেছেন, রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ব্যক্তিদের হাত থেকে নিজের এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহীত পদক্ষেপগুলো রক্ষা করতে তিনি প্রস্তুত রয়েছেন।

গত সপ্তাহে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি শোচনীয় পরাজয়ের মুখোমুখি হয়। দলটির অনেকেই এই পরাজয়ের জন্য মূলত ইরানের সঙ্গে সংঘাত এবং এর নেতিবাচক অর্থনৈতিক প্রভাবকে দায়ী করেছেন। এর রেশ কাটতে না কাটতেই গত সোমবার কেন্টাকির রিপাবলিকান আইনপ্রণেতা ও প্রতিনিধি পরিষদের সদস্য থমাস ম্যাসি হাউসে হেগসেথকে অভিশংসন করার প্রস্তাব দাখিল করেন। উল্লেখ্য, থমাস ম্যাসি সম্প্রতি ট্রাম্প-সমর্থিত প্রতিদ্বন্দ্বীর কাছে তার প্রাইমারি নির্বাচনে হেরে গেছেন। তার এই প্রস্তাব ট্রাম্প প্রশাসনের একজন হেভিওয়েট মন্ত্রীকে অপসারণের পক্ষে বা বিপক্ষে প্রতিনিধি পরিষদে একটি নাটকীয় ভোটের মঞ্চ তৈরি করে দিয়েছে।

ম্যাসির উত্থাপিত এই অভিশংসন প্রস্তাবে মূলত ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার বিষয়টিকেই প্রধান করে তোলা হয়েছে। পাশাপাশি ইয়েমেনে ইরানের মদদপুষ্ট হুতি বিদ্রোহী এবং ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক কার্যক্রমে হেগসেথের ভূমিকা নিয়েও এতে প্রশ্ন তোলা হয়েছে। থমাস ম্যাসি অভিযোগ করেছেন যে, প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের এসব পদক্ষেপ গুরুতর অপরাধ ও কুকর্মের সহযোগী এবং পেন্টাগনে তার নেতৃত্ব অভিশংসনযোগ্য।

চলতি সপ্তাহের মাঝামাঝি সময়েই প্রতিনিধি পরিষদে এই প্রস্তাবের ওপর ভোটাভুটি হতে পারে। এর ফলে রিপাবলিকান আইনপ্রণেতাদের ওপর মারাত্মক রাজনৈতিক চাপ তৈরি হয়েছে। বিশেষ করে যাদের অনেকেই নির্বাচনে ভরাডুবির জন্য ইরান যুদ্ধকে দায়ী করছেন। তবে এর পরের পরিণতি কী হবে, তা এখনও অত্যন্ত অনিশ্চিত।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে জোরালো সমর্থন দিয়ে গেছেন। তিনি ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকাতে গত জানুয়ারির সফল অভিযানের কথা স্মরণ করিয়ে দেন। পাশাপাশি তিনি দাবি করেন যে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানগুলো তেহরানের নৌবাহিনী এবং বিমান বাহিনীকে সম্পূর্ণ ধ্বংস” করে দিয়েছে।

তা সত্ত্বেও, এই দীর্ঘ আট মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাতে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের চলাচল ব্যাহত করছে, যার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। গত সোমবার ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ইরান যুদ্ধ সামরিক দিক থেকে কার্যত শেষ হয়ে গেছে। একই সঙ্গে তিনি তার সেই পুরনো দাবি আবারও পুনর্ব্যক্ত করে বলেছেন যে, ইরান একটি চুক্তি করতে দারুণভাবে ইচ্ছুক।

এদিকে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথও মার্কিন সামরিক বাহিনীর হাল ধরার বিষয়টি দৃঢ়ভাবে রক্ষা করে চলেছেন। রোড আইল্যান্ডের নেভাল ওয়ার কলেজে একটি ভাষণ দেওয়ার পর গত সোমবার সাংবাদিকদের তিনি বলেন, এখানে এমন অনেক রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত লোক রয়েছে যাদের হয়তো নীতির বিষয়ে বড় ধরনের মতপার্থক্য থাকতে পারে, কিন্তু মূল সমস্যা হলো তাদের এই মতপার্থক্য মূলত সফলতার সঙ্গেই। তিনি আরও যোগ করেন, ট্রাম্প প্রশাসন যে সমস্ত সামরিক পদক্ষেপ নিয়েছে, আমরা যদি সেগুলোর চুলচেরা বিশ্লেষণ করতে চাই, তবে সারাদিন তা নিয়ে আলোচনা করতে আমি প্রস্তুত আছি।

এর আগে গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে হেগসেথ দাবি করেছিলেন যে, এই অভিশংসন প্রস্তাবটি পুরোপুরি ব্যক্তিগত ধ্বংসের রাজনীতির অংশ ছাড়া আর কিছু নয়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমার ক্ষেত্রে এটি কাজ করবে না। আপনারা সে বিষয়ে নিশ্চিত থাকতে পারেন।

এই ভিডিও প্রকাশের পরপরই পেন্টাগনের রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মকর্তারা সামাজিক মাধ্যমে পিট হেগসেথের ছবি সম্বলিত পোস্টার শেয়ার করেন, যেখানে লেখা ছিল, দাঁড়াও। লড়াই করো। প্রজাতন্ত্রকে রক্ষা করো।

পেন্টাগনের শীর্ষ মুখপাত্র সিএন পার্নেল এক বিবৃতিতে জানিয়েছেন, ডেমোক্র্যাটদের পক্ষ থেকে অশুভ ও সাজানো রাজনৈতিক শিকারের (উইচ হান্ট) হুমকি থাকা সত্ত্বেও পিট হেগসেথ প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদের শেষ দিন পর্যন্ত প্রতিরক্ষা বিভাগের নেতৃত্ব দেওয়ার বিষয়ে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ রয়েছেন।

সূত্র: এপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights