অমিত শাহ’র বক্তব্যের প্রতিবাদে রাজধানীতে জাগপার বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
অনুপ্রবেশকারী বাংলাদেশিদের উল্টো ঝুলিয়ে সোজা করার যে বক্তব্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ দিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

তিনি হুমকি দিয়ে বলেছেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের জনগণ নিয়ে যে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন তার প্রতিদান হিসেবে খুব শিগগির ভারতীয়দের জন্য ৭ নং মহাবিপদ সংকেত অপেক্ষা করছে। আপনাদের ক্ষমতার গদি উল্টে যাবে।

অমিত শাহ’র বক্তব্যের প্রতিবাদে আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাগপা আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ প্রধান ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি এবং অমিত শাহ’কে হুঁশিয়ারি দিয়ে বলেন, সীমান্তবর্তী দেশগুলোর মধ্যে অনুপ্রবেশ নতুন কোনো ঘটনা নয়। এর অর্থ এই নয় যে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের আপনারা উল্টো করে ঝুলিয়ে রাখবেন। আমরা ভুলি নাই ফেলানীকে হত্যা করে আপনারা কাঁটাতারের বেড়ায় উল্টো করে ঝুলিয়ে রেখেছিলেন। সেই দিন আর নাই, দেশে আপনাদের পুতুল সরকার শেখ হাসিনা নাই। আমাদের উল্টো করে ঝুলিয়ে রাখার হুমকি দেবেন না।

তিনি বলেন, শক্তি থাকলেই ক্ষমতা দেখাবেন না। বাংলাদেশের আজাদি পাগল জনগণকে নিয়ে খেলার চেষ্টা করা হলে পরিণতি ভালো হবে না।

সমাবেশে উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, ঢাকা মহানগর জাগপার সাবেক আহ্বায়ক আরিফ হোসেন ফিরোজ, সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, আসাদুজ্জামান বাবুল, সহসভাপতি নাসির উদ্দীন, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু প্রমুখ। সমাবেশ শেষে অমিত শাহ’র কুশপুত্তলিকা দাহ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights