অর্থ সংকটে বন্ধ বিশ্বভ্রমণ, সিঙ্গাপুরে গ্রেফতার প্রমোদতরি ‘ওডিসি’

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রভিত্তিক পরিচালনাকারী প্রতিষ্ঠানের অর্থ ফুরিয়ে যাওয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ায় আটকা পড়া বিলাসবহুল একটি প্রমোদতরি (ক্রুজ শিপ) সিঙ্গাপুরে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি (এমপিএ) এ তথ্য জানিয়েছে।

কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পর পাওনাদারদের আবেদনের প্রেক্ষিতে সিঙ্গাপুরের একটি আদালতের আদেশে জাহাজটিকে গ্রেফতার করা হয়। আইন সংস্থা ‘হেলমস ম্যান এলএলসি’ এই গ্রেফতারে সলিসিটর হিসেবে কাজ করেছে।

বিশ্বজুড়ে অবিরাম ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করা ‘ওডিসি’ রবিবার (৮ নভেম্বর) কম্বোডিয়া থেকে সিঙ্গাপুর পৌঁছার পর জাহাজটিকে গ্রেফতার করা হয়। অবশ্য এর আগে কম্বোডিয়াতেই প্রায় ২০০ যাত্রীকে জাহাজ থেকে নেমে যেতে বলা হয়েছিল।

এমপিএ এক বিবৃতিতে জানিয়েছে, ‘আদালতের নির্দেশে জাহাজটিকে গ্রেফতার করা হয়েছে।’ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, ‘জাহাজে থাকা নাবিক ও কর্মীরা ভালো আছেন। তাদের সুরক্ষার বিষয়টি দেখভাল করছেন জাহাজটির পাওনাদাররা। বর্তমানে জাহাজে কোনো যাত্রী নেই।’

এমপিএ জানায়, জাহাজটি এখন ‘সিঙ্গাপুর বন্দরের জলসীমায় নোঙর করে রাখা হয়েছে।’

সিঙ্গাপুর আদালতের (এসজি কোর্টস) ওয়েবসাইটে গ্রেফতার জাহাজের তালিকায় দেখা যায়, রবিবার সকালে চাঙ্গি জেনারেল পারপাস অ্যাঙ্করেজে ‘ওডিসি’কে গ্রেফতার করা হয়। আইনি প্রতিষ্ঠান ‘হেলমসমান এলএলসি’ (Helmsman LLC) এই গ্রেফতার প্রক্রিয়ায় আইনজীবী হিসেবে কাজ করেছে। তবে প্রতিষ্ঠানটি ঠিক কোন পক্ষের প্রতিনিধিত্ব করছে তা স্পষ্ট নয়।

গত মাসে নির্ধারিত যাত্রাবিরতির সময় জাহাজটি কম্বোডিয়ার সিহানুকভিল বন্দরে পৌঁছায়। কিন্তু যাত্রা শুরুর দুই বছর পর পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘ভিলা ভি রেসিডেন্সেস’ (Villa Vie Residences) হঠাৎ করেই ‘ওডিসি’র কার্যক্রম স্থগিত করার ঘোষণা দেয়। এর ফলে যাত্রীরা সিহানুকভিল বন্দরে জাহাজ থেকে নেমে যেতে বাধ্য হন।

‘ভিলা ভি রেসিডেন্সেস’-এর ভাষ্যমতে, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনার কারণে জ্বালানি খরচ অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় তারা কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে।

এই প্রমোদভ্রমণটিকে বিশ্বজুড়ে একটি সাশ্রয়ী ভ্রমণ হিসেবে প্রচার করা হয়েছিল। যেখানে যাত্রীরা ছুটির জন্য বা আজীবনের জন্য কেবিন কিনতে বা ভাড়া নিতে পারতেন।

কিছু যাত্রী জানিয়েছেন, এই ভ্রমণের খরচ জোগাতে তাঁরা নিজেদের সবকিছু বিক্রি করে দিয়েছিলেন।

জাহাজে থাকা যাত্রীদের ব্যাগ গোছানোর জন্য মাত্র সাত ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। এরপর ২০০ মিটার দীর্ঘ এই জাহাজ থেকে তাঁদের নেমে যেতে বলা হয়।

পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘ভিলা ভি’ জানিয়েছে, এশিয়ার বিভিন্ন অঞ্চলে প্রতি কেবিনের মাসিক জ্বালানি খরচ গড়ে ১৮০০ মার্কিন ডলার থেকে বেড়ে ৬০০০ থেকে ৮০০০ মার্কিন ডলারে দাঁড়িয়েছিল। জাহাজটিতে ২০৩ জন অতিথি এবং ১৫৬ জন ক্রু ছিলেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ভিলা ভি রেসিডেন্সেসের মালিকানাধীন জাহাজটি ২০২৪ সালের অক্টোবরে উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্ট থেকে যাত্রা শুরু করে।

সূত্র: সিএনএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights