অর্ধশতাধিক শিক্ষার্থী পেলেন প্রেজেন্টেশন প্রশিক্ষণ ও সনদ
রাকিব মাজহার,জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘দ্য আর্ট অব প্রেজেন্টেশন: বি অ্যা স্মার্ট অ্যান্ড কনফিডেন্ট স্পিকার’ শীর্ষক সেমিনারের মাধ্যমে অর্ধশতাধিক শিক্ষার্থীকে প্রেজেন্টেশন প্রশিক্ষণ ও সনদ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জগন্নাথ ইউনিভার্সিটি ফিচার কলাম অ্যান্ড কনটেন্ট রাইটার্স-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের অডিটরিয়ামে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন CAREERCOACH Training Solutions-এর Youth Career Developer ও Soft Skills Trainer মো. রাকিব হোসাইন। তিনি অংশগ্রহণকারীদের আত্মবিশ্বাসীভাবে কথা বলা, শ্রোতাদের মনোযোগ ধরে রাখা এবং প্রভাবশালী প্রেজেন্টেশন দেওয়ার কৌশল শেখান।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। একই অনুষ্ঠানে আগস্ট ও সেপ্টেম্বর মাসের সেরা লেখকদের পুরস্কার প্রদান করা হয়। আগস্ট মাসের সেরা লেখক নির্বাচিত হন আকরাম খান, ফাতিমা আক্তার, আল ফারাবী ভূঁইয়া ও নুসরাত জাহান অর্পিতা, আর সেপ্টেম্বর মাসে ফাহিম হাসনাত, মালিহা মেহনাজ ও হুমায়ুন আহমেদ।
সেরা লেখক ফাহিম হাসনাত বলেন, “এই স্বীকৃতি আমাকে আরও অনুপ্রাণিত করেছে। লেখালেখির পাশাপাশি এমন কার্যক্রম আত্মবিশ্বাস বাড়ায় এবং নিজেকে আরও উন্নত করার সুযোগ দেয়।”
সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাকিবুল ইসলাম বলেন, “আমাদের সংগঠন শুধু লেখালেখির নয়, শেখা ও বিকাশের একটি প্ল্যাটফর্ম। নিয়মিতভাবে এমন আয়োজনের মাধ্যমে সদস্যদের ব্যক্তিগত ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করছি।”
সভাপতি সাফা আক্তার নোলক বলেন, “আমরা চাই সদস্যরা শুধু লেখক হিসেবেই নয়, আত্মবিশ্বাসী বক্তা হিসেবেও গড়ে উঠুক। এই আয়োজন তাদের আত্মবিশ্বাস ও দক্ষতা বাড়াতে সহায়ক হবে।”
Displaying
