‘অসম্ভব বলে কিছু নেই’,বিশ্বকাপে রূপকথার গল্প লিখছে কেপ ভার্দে

অনলাইন ডেস্ক

স্পেনের বিপক্ষে উরুগুয়ের ম্যাচের শেষ মুহূর্তগুলো একটি মোবাইল ফোন ঘিরে দাঁড়িয়ে দেখছিলেন কেপ ভার্দের ফুটবলাররা। শেষ বাঁশি বাজতেই আনন্দে ফেটে পড়েন সবাই। বিশ্বকাপ ৪৮ দলে সম্প্রসারণের পক্ষে ফিফা যে ধরনের গল্পের স্বপ্ন দেখেছিল, কেপ ভার্দের এই অবিশ্বাস্য যাত্রা যেন তারই বাস্তব রূপ।

আজ হিউস্টনের গ্যালারিতেও ছিল একই আবেগ। নেচেছেন, গেয়েছেন, চোখের জল ফেলেছেন সমর্থকেরা। মাত্র পাঁচ লাখ জনসংখ্যার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে ইতিহাস গড়ে জায়গা করে নিয়েছে বিশ্বকাপের নকআউট পর্বে। আগামী ৩ জুলাই মিয়ামিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা।

শুক্রবার সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ হয় কেপ ভার্দে। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে কোচ বুবিস্তা বলেছিলেন, বিশ্বকাপ শুধু ফুটবলের পরাশক্তিদের জন্য নয়, সব দেশের জন্যই। তার দলের পারফরম্যান্স যেন সেই কথারই সবচেয়ে বড় প্রমাণ।

বিশ্বকাপের আসল সৌন্দর্য শুধু শিরোপাজয়ীদের গল্পে নয়; বরং ছোট দলগুলোর সংগ্রাম, প্রতিকূলতা পেরিয়ে উঠে আসা এবং নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা দেখানোর মধ্যেও লুকিয়ে থাকে। কেপ ভার্দে সেই অনুপ্রেরণারই নতুন প্রতীক।

ম্যাচসেরা মিডফিল্ডার ডেরয় দুয়ার্তে বলেন,‘সত্যি বলতে, সবকিছু এখনও স্বপ্নের মতো লাগছে। ছোটবেলা থেকেই বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখেছি। ম্যাচসেরা হওয়া এবং ইতিহাস গড়ব। এমনটা কখনও কল্পনাও করিনি।’

যদিও লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে তাদের সম্ভাবনা খুব বেশি দেখছেন না অনেকে, তবু দুয়ার্তে আশাবাদ ছাড়ছেন না। তিনি বলেন, ‘আগে উদযাপন করি। আশা করি সব কেপ ভার্দিয়ানও আমাদের সঙ্গে আনন্দ করছে। আগামীকাল থেকে আর্জেন্টিনা ম্যাচ নিয়ে ভাবব। কঠিন ম্যাচ হবে, কিন্তু বিশ্বাস রাখতে হবে। অসম্ভব বলে কিছু নেই।’

তিনটি ম্যাচেই ড্র করে নকআউটে উঠেছে কেপ ভার্দে। বিশেষ করে উদ্বোধনী ম্যাচে শক্তিশালী স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে তারা বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের নজর কাড়ে। সেই লড়াকু পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই শুক্রবার হিউস্টন স্টেডিয়ামের গ্যালারিতে অসংখ্য কেপ ভার্দের জার্সি ও টি-শার্ট চোখে পড়ে, যা প্রমাণ করে ছোট এই দলটি ইতোমধ্যেই অসংখ্য নতুন সমর্থকের হৃদয় জয় করে নিয়েছে।

সূত্র : রয়ার্টাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights