অস্কার থেকে ছিটকে গেল ‘লাপাতা লেডিস’

অনলাইন ডেস্ক
ভারতের গ্রামীণ গৃহবধূদের নিয়ে গল্পে বলিউড সিনেমা ‘লাপাতা লেডিস’ নির্মাণ করা হয়। সেই গল্প আর বিশ্বমঞ্চে পৌঁছাল না। অস্কারের দৌড়ে টিকতে পারল না আমির খান ও কিরণ রাওয়ের এই সিনেমা।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, সেরা আন্তর্জাতিক সিনেমার তালিকায় ভোটাভুটির জন্য মোট ১৫টি সিনেমাকে বেছে নেওয়া হয়। সেখানে ভারতের পক্ষ থেকে পাঠানো হয় ‘লাপাতা লেডিস’ সিনেমাকে। কিন্তু সিনেমাটি অস্কারের বাছাই পর্ব থেকেই ছিটকে যায়।

গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘লাপাতা লেডিস’। স্পর্শ শ্রীবাস্তব, নীতাংশি গোয়েল ও প্রতিভা রান্টা অভিনীত এই সিনেমার অন্যতম প্রযোজক আমির খান। প্রায় পাঁচ কোটি রুপির বাজেটে তৈরি এই সিনেমার আয় ২৫ কোটির একটু বেশি।

তবে সমালোচক মহলে তা সমাদৃত হলেও পরবর্তীতে ওটিটিতে বহু দর্শক সিনেমাটি দেখেছেন ও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। কিন্তু অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে জায়গা করে নিতে পারল না।

প্রসঙ্গত, এর আগে ‘লাগান’ সিনেমার সৌজন্যে অস্কার অনুষ্ঠানে যাওয়ার সুযোগ পেয়েছিলেন আমির খান। সেরা বিদেশি সিনেমার ক্যাটাগরিতে চূড়ান্ত মনোনয়ন পেয়েছিল আশুতোষ গোয়ারিকর পরিচালিত সিনেমাটি।

কিন্তু সেই বছর অস্কার পায় ‘‘নো ম্যান’স ল্যান্ড’’। ‘লাগান’ সিনেমার সহকারী পরিচালক ছিলেন কিরণ। আর ‘লাপাতা লেডিস’ তার পরিচালনায় তৈরি এবং সিনেমার প্রযোজনাতেও তিনি অংশীদার। যুক্তরাষ্ট্রে গিয়েও সিনেমাটির প্রচার করেছিলেন কিরণ-আমির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights