অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল, যা বললেন স্পেনের জয়ের নায়ক ওইয়ারসাবাল

অনলাইন ডেস্ক
বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে স্পেন। ম্যাচের জোড়া গোল করে জয়ের নায়ক মিকেল ওইয়ারসাবাল জানালেন, এটিই ছিল টুর্নামেন্টে তাদের এ পর্যন্ত সেরা পারফরম্যান্স।

ম্যাচ শেষে মাঠের সাক্ষাৎকারে ওইয়ারসাবাল বলেন, ‘অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচটা বেশ কঠিন ছিল। আমরা জানতাম প্রতিপক্ষ শারীরিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী হবে। তবে সব মিলিয়ে দিনটা আমাদের ছিল এবং এ পর্যন্ত বিশ্বকাপের সব ম্যাচের চেয়ে এটিই আমাদের সেরা পারফরম্যান্স। পরের রাউন্ডে উঠতে পেরে আমি ভীষণ আনন্দিত।’

জাতীয় দলের হয়ে নিজের ফর্মটা দারুণ উপভোগ করছেন ওইয়ারসাবাল। গত ১০ ম্যাচে করেছেন ১২টি গোল।

ব্যক্তিগত গোলসংখ্যা নিয়ে তিনি বলেন, ‘আমি গোল করতে চাই বা করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যদি দলের ভালোর জন্য গোল করা প্রয়োজন হয়, আমি করব। তবে অন্য কোনোভাবে সাহায্য করার সুযোগ থাকলে সেটাও আমি করব। দিনশেষে দলের জয়টাই আসল।’

সামনের রাউন্ডে পর্তুগাল না ক্রোয়েশিয়া কে প্রতিপক্ষ হবে, তা নিয়ে খুব একটা চিন্তিত নন এই স্ট্রাইকার। তার কথায়, ‘উভয় দলেই আমার বন্ধু আছে। যে-ই আসুক, আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত।’ এদিকে স্পেনের রক্ষণভাগ এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি। এই সাফল্যের কৃতিত্ব গোলরক্ষক উনাই সিমন ভাগ করে দিলেন সতীর্থদের সঙ্গেই।

সিমনের মতে, ‘রক্ষণভাগ শুধু ডিফেন্ডারদের কাজ নয়। ওলমো, ইয়ামাল এবং ওইয়ারসাবালের দেওয়া প্রেস থেকেই আমাদের রক্ষণাত্মক কাজের শুরু। ওরা ওপর থেকে বল আসাটা আটকে দেয় বলেই আমাদের ডিফেন্ডাররা কাজটা সহজে করতে পারেন। এই দলের সবার ওপর আমার অগাধ আস্থা আছে।’

পরের রাউন্ডের সম্ভাব্য প্রতিপক্ষ ক্রিস্টিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচকে নিয়ে সিমন বলেন, ‘ওরা দুজনই কিংবদন্তি। রোনালদোর গোল করার সেই ধার এখনও অটুট, আর মদ্রিচের খেলার গুণমান তো ফুরোবার নয়। তাই আমাদের সবকিছুর জন্যই প্রস্তুত থাকতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights