অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করে প্রতিশোধ নিল শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক

১৪ বছর পর শ্রীলঙ্কার মাটিতে দুই ম্যাচ টেস্ট সিরিজে লঙ্কানদের ২-০ ব্যবধানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। এবার ওয়ানডে সিরিজে সফরকারী অজিদের বিধ্বস্ত করে প্রতিশোধ নিল স্বাগতিকরা।

শুক্রবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ওয়ানডেতে চারিথ আশালঙ্কার দলের কাছে পাত্তা পায়নি অজিরা। সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ১৭৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা।

লঙ্কানদের দেওয়া ২৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় মাত্র ১০৭ রানে। ওয়ানডেতে অজিদের বিপক্ষে এটি শ্রীলঙ্কার সবচেয়ে বড় জয়ের রেকর্ড।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় জয়ে অবদান রেখেছেন শ্রীলঙ্কার দুই স্পিনার দুনিথ ওয়াল্লাগে (৩৫ রানে ৪ উইকেট) ও ওয়ানিন্দু হাসারাঙ্গা (২৩ রানে ৩ উইকেট)। অর্থাৎ দু’জন মিলে নিয়েছেন ৭ উইকেট। অজিদের নাস্তানাবুদ করতে তাদের সহায়তা করেছেন ৩ উইকেট (২৩ রানে) শিকার করা পেসার আসিথা ফার্নান্ডো।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩৪ বলে ২৯ রান করেন অধিনায়ক স্টিভ স্মিথ। জশ ইংলিস ২২ আর ট্রাভিস হেড করেন ১৮ রান। বাকিদের কেউ দুই অংকের ঘরও স্পর্শ করতে পারেননি।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই পাথুম নিশাঙ্কাকে (৬) হারায় শ্রীলঙ্কা। তবে নিশান মাদুশকা আর কুশল মেন্ডিস গড়েন ৯৮ রানের জুটি। মাদুশকার ব্যাট থেকে আসে ৫১ রান। এরপর কামিন্দু মেন্ডিস ফিরে যান ৪ করেই।

তবে ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি কুশল মেন্ডিস। ১১৫ বলে ১১ বাউন্ডারিতে ১০১ রান করেন তিনি।

শেষদিকে চারিথ আসালাঙ্কা ৬৬ বলে ৭৮ আর জানিথ লিয়ানাগে ২১ বলে অপরাজিত ৩২ রানের ইনিংস খেলে দলকে পৌনে তিনশ’র দুয়ারে পৌঁছে দেন।

অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে অ্যাডাম জাম্পা, শন অ্যাবট, অ্যারন হার্ডি ও বেন ওয়ারশিউস একটি করে উইকেট লাভ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights