অস্ট্রেলিয়ায় আটকে পড়া ভারতীয় ক্রিকেটার এবার অস্ট্রেলিয়ার জার্সিতে
স্পোর্টস ডেস্ক
চাচার সঙ্গে দেখা করতে ২০২০ সালে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার নিখিল চৌধুরি। তবে করোনা মহামারির কারণে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে গেলে সেখানেই আটকা পড়েন তিনি। পরিস্থিতির পরিবর্তনে পরে অস্ট্রেলিয়াতেই স্থায়ীভাবে বসবাসের অনুমতি (পার্মানেন্ট রেসিডেন্সি) নিয়ে ক্রিকেট ক্যারিয়ার নতুনভাবে শুরু করেন এই অলরাউন্ডার।
সময়ের ব্যবধানে সেই নিখিল এবার সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়ার জাতীয় দলে। বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে থাকা ট্রাভিস হেড-এর বদলি হিসেবে দলে অন্তর্ভুক্ত হয়েছেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার।
উল্লেখ্য, এখনও অস্ট্রেলিয়ার নাগরিক না হয়েও আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন নিখিল। একাদশে জায়গা পেলে ৬২ বছর পর অস্ট্রেলিয়ার হয়ে খেলবেন ভারতীয় বংশোদ্ভূত কোনো ক্রিকেটার। এর আগে ১৯৬৪ সালে রেক্স সেলার্স কলকাতায় নিজের একমাত্র টেস্ট খেলেছিলেন।
দিল্লিতে জন্ম নেওয়া নিখিল পাঞ্জাবের হয়ে বয়সভিত্তিক ক্রিকেট খেলেছেন। ২০১৭ সালে লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি অভিষেক হলেও রঞ্জি ট্রফিতে খেলার সুযোগ পাননি। ব্যাট হাতে আক্রমণাত্মক এবং লেগ স্পিনে কার্যকর এই অলরাউন্ডার অস্ট্রেলিয়ায় গিয়ে নতুনভাবে নিজেকে প্রমাণ করেন।
ব্রিসবেনে গ্রেড ক্রিকেটে পারফর্ম করার সময় তাকে নজরে আনেন সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার জেমস হোপস। তার সহায়তায় বিগ ব্যাশ লিগের দল হোবার্ট হারিকেন্সে সুযোগ পান নিখিল।
গত তিন মৌসুমে বিগ ব্যাশে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করেছেন তিনি। সর্বশেষ আসরে ১১ ইনিংসে ৩০৭ রান করেন ১৫৩.৫০ স্ট্রাইক রেটে। পাশাপাশি বল হাতে নেন ৫ উইকেট, ওভারপ্রতি ৭.২১ রান দিয়ে।
নিখিলের এই পারফরম্যান্সই তাকে জাতীয় দলে জায়গা করে দিয়েছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার নির্বাচক টনি ডডেমেইড। তিনি বলেন, ‘অনেক দিন ধরেই আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছিলাম। প্রাক-মৌসুম ক্যাম্পেও সে ছিল। বিগ ব্যাশে তার পারফরম্যান্স আমাদের মুগ্ধ করেছে, তাই তাকে দলে নেওয়া হয়েছে।’
এছাড়া, চোট কাটিয়ে টি-টোয়েন্টি সিরিজে ফেরার আশায় আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ।
