অস্ট্রেলিয়ায় ভয়াবহ ঢেউয়ের তাণ্ডব, প্রাণ গেল ৫ জনের

অনলাইন ডেস্ক
অস্ট্রেলিয়ার উপকূলীয় অঞ্চলে ভয়াবহ সাগর ঢেউয়ের আঘাতে প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন। এখনও নিখোঁজ রয়েছেন দুই ব্যক্তি। ভয়াবহ এই পরিস্থিতি দেশটির নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া রাজ্যে সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

শনিবার নিউ সাউথ ওয়েলসের টাথরার কাছে সাগর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এর আগের দিন রাজ্যটির ভিন্ন ভিন্ন স্থানে আরও তিন ব্যক্তির মরদেহ পাওয়া যায়, যাদের মধ্যে একজন ৫৮ বছর বয়সী জেলে।

এছাড়া সিডনির কাছে পানিতে ভেসে যাওয়া এক ব্যক্তিকে উদ্ধারে এখনও তল্লাশি চলছে।

ভিক্টোরিয়ার সান রেমো উপকূলে শুক্রবার সাগরে ভেসে যায় একদল পর্যটক। তাদের মধ্যে এক নারী মারা যান এবং এক পুরুষ এখনও নিখোঁজ রয়েছেন।

ভিক্টোরিয়া পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই নারীদের একজন নিজে নিজে উপকূলে ফিরে এলেও অপর নারী ও পুরুষ তা পারেননি।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভিক্টোরিয়ার প্রিমিয়ার জাসিনতা অ্যালান। তিনি বলেন, ‘ইস্টার সপ্তাহান্তে এমন করুণ ঘটনার সূচনা সত্যিই দুঃখজনক। যেকোনো মানুষের এমন মৃত্যু মর্মান্তিক, সামনে হয়তো আরও খারাপ খবর অপেক্ষা করছে।’

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলজুড়ে এখনো আছড়ে পড়ছে বিশাল ঢেউ।

দাতব্য সংস্থা সার্ফ লাইফ সেভিং অস্ট্রেলিয়ার প্রধান অ্যাডাম ওয়েয়ার ছুটির দিনে ঘুরতে যাওয়া পর্যটকদের টহল দেওয়া সৈকত বেছে নিতে অনুরোধ করেছেন।

তিনি বলেন, ‘গত ১০ বছরে টহলবিহীন সৈকতে ৬৩০ জন মানুষের মৃত্যু হয়েছে। সাগর তীরবর্তী এলাকাগুলোতে অনেক সময় অদৃশ্য ও অনাকাঙ্ক্ষিত বিপদ লুকিয়ে থাকে। তাই আমাদের পরামর্শ হলো: থামুন, চারপাশ দেখুন এবং নিরাপদে থাকুন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights