অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ভাগ্য গড়বেন পেসাররা: হান্নান
স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের সাফল্যের মূল চাবিকাঠি হতে পারেন পেসাররা এমনটাই মনে করছেন সাবেক নির্বাচক ও কোচ হান্নান সরকার।
অস্ট্রেলিয়ার ডারউইনে প্রথম টেস্টের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। এর আগে একই কন্ডিশনে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে হান্নান মনে করছেন, ডারউইনের উইকেটে পেসাররাই বেশি সুবিধা পাবেন।
তিনি বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরাজ-তাইজুলদের চেয়ে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের মতো পেসারদের ওপর বেশি দায়িত্ব থাকবে। নতুন বলে দ্রুত উইকেট নিতে না পারলে অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইনআপকে নিয়ন্ত্রণ করা কঠিন হবে।
হান্নান বলেন, ডারউইনের উইকেট খুব বেশি স্পিন সহায়ক হবে না। যদিও কিছুটা টার্ন পাওয়া গেলে বাংলাদেশের স্পিনারদের পাশাপাশি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ স্পিনার নাথান লায়নও বড় ভূমিকা রাখতে পারেন।
তিনি আরও জানান, অস্ট্রেলিয়ার কন্ডিশনে বোলিং করা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। এখানকার বোলিং লেন্থ ও দেশের কন্ডিশনের মধ্যে পার্থক্য রয়েছে। তাই অস্ট্রেলিয়ার ব্যাটিংকে দ্রুত চাপে ফেলা কঠিন হলেও ক্রিকেটে অসম্ভব কিছু নেই।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে ডারউইনে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
১৩ আগস্ট ডারউইনে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ আগস্ট ম্যাকাইয়ে।
