অস্ত্রসহ আলোচিত রুপা খাতুন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা শ্মশানপাড়ার বাড়ি থেকে রুপা খাতুন (৪০) নামে এক আলোচিত নারীকে আটক করেছে সেনাবাহিনী। এসময় তার বাড়ি থেকে একটি অত্যাধুনিক পয়েন্ট ২২ এয়ারগান, একটি অপটিক্যাল সাইট, দু’টি দেশীয় অস্ত্র (কিরিচ), ৬টি মদের বোতল, নগদ সাড়ে সাত লাখ টাকা, মাদক সেবনের একটি আধুনিক হুক্কা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। চুয়াডাঙ্গা সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহা. জয়নুল আবেদীন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, রুপা খাতুনের বিরুদ্ধে শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গা সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি ও অস্ত্র আইনে আরো একটি মামলা রজু করা হয়েছে। এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে নারীদের নিয়ে দেহব্যবসা, মাদক ব্যবসা, প্রতারণাসহ আরো অনেক অভিযোগ শোনা যাচ্ছে। সেগুলোও তদন্ত করে দেখা হচ্ছে।
তালতলা শ্মশানপাড়ার স্থানীয় বাসিন্দারা জানান, ছোটবেলায় রুপা ও তার মা মাটি কাটার কাজ করতেন। বড় হওয়ার পর দেখা যায় তার অনেক সম্পদ। কিছুদিন আগে শহরে একটি ডায়াগনস্টিক সেন্টার করেছেন। এছাড়া নামে বেনামে তার আরো অনেক ব্যবসা আছে। বিয়ের ফাঁদে ফেলে অনেকের সাথে রুপা প্রতারণা করেছেন বলেও শোনা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights