অ্যাতলেটিকোর বিপক্ষে জয় পেয়েও ক্ষুব্ধ ইয়ামাল

অনলাইন ডেস্ক

লা লিগায় আতলেটিকো মাদ্রিদের বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণ জয়ে শীর্ষস্থান আরও পাকাপোক্ত করেছে বার্সেলোনা। কিন্তু এরপরেও ম্যাচ শেষে উদযাপনে অংশ না নিয়ে ক্ষুব্ধ হয়ে মাঠ ছাড়েন লামিন ইয়ামাল। বার্সা কোচ হানসি ফ্লিকের ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে উঠে এসেছে এই বিষয়টি।

শনিবার ঘরের মাঠ মেট্রোপলিটানোয় ম্যাচের ৩৯ মিনিটে জুলিয়ানো সিমিওনের গোলে এগিয়ে যায় আতলেটিকো। দুই মিনিট পর মার্কাস রাশফোর্ডের গোলে সমতায় ফেরে বার্সা।

ম্যাচ যখন ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই গোল করে বার্সাকে জয় উপহার দেন রবার্ট লেওয়ানডফস্কি। ম্যাচ শেষে বেশ বিরক্তি নিয়ে বেরিয়ে যান ইয়ামাল। ফ্লিক তাঁর সঙ্গে কথা বলতে এগিয়ে গেলেও ড্রেসিংরুমের দিকে হাঁটা দেন তিনি। বিষয়টি নিয়ে পরে ব্যাখ্যা দেন বার্সা কোচ।

তিনি বলেন, ইয়ামাল কিছুটা রাগান্বিত ছিল। সে নিজের সবটুকু উজাড় করে দিয়েছিল, গোল করার এবং শেষ পাসটি দেওয়ার চেষ্টা করেছিল। অবশ্যই তার আবেগ আছে, তবে সে এখন ড্রেসিংরুমে আছে এবং সবকিছু ঠিক আছে।

ফেব্রুয়ারিতে ভিয়ারিয়ালের বিপক্ষে হ্যাটট্রিক করার পর থেকে ক্লাব ও জাতীয় দলের হয়ে শেষ ৯ ম্যাচে মাত্র ৩ গোল করেছেন ইয়ামাল। যার দুটি এসেছে পেনাল্টি থেকে। ওপেন প্লে থেকে গোল করেছেন মাত্র একটি। তবে ইয়ামালের পারফরম্যান্স নিয়ে চিন্তিত নন ফ্লিক।

সে কেমন খেলেছে তার জন্য এই রাগ নয়, সে ভালো খেলেছে। কিছু পরিস্থিতির কারণে এমন হয়েছে; সে গোল করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল কিন্তু এই মুহূর্তে গোল পাওয়ার মতো সেই ভাগ্যটা তার সহায় হচ্ছে না। তবে এটা দ্রুতই ফিরে আসবে।

অ্যাতলেটিকোকে হারিয়ে লা লিগায় দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এখন ৭ পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা। ব্যবধান বাড়লেও আত্মতৃপ্তিতে ভুগতে চান না ফ্লিক।

তিনি বলেন, সবাই জানে আজকের পয়েন্টগুলো কতটা মূল্যবান ছিল, এই ম্যাচ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু সবাই এটাও জানে যে লিগ এখনো শেষ হয়ে যায়নি। আমরা খুশি, কিন্তু আমরা এখনই উৎসবে মেতে উঠছি না।

এদিকে, লা লিগার পর আগামী বুধবার ক্যাম্প ন্যুতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আতলেটিকো মাদ্রিদের বিপক্ষে আবারও মাঠে নামবে বার্সেলোনা। ১৪ এপ্রিল ফিরতি লেগের ম্যাচ দিয়ে শেষ হবে বার্সেলোনা ও আতলেতিকোর তিন ম্যাচের এই লড়াই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights