অ্যাশেজে ইতিহাসে লিখল বাংলাদেশ

অনলাইন ডেস্ক
শুরু হলে গেল টেস্ট ক্রিকেটের ঐতিহ্য অ্যাশেজ। প্রথম টেস্টে আজ পার্থে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছে ইংল্যান্ড। আর এই লড়াইয়ের সঙ্গেই নতুন ইতিহাস লিখল বাংলাদেশ। এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত হয়ে গেলেন অ্যাশেজে দায়িত্ব পাওয়া প্রথম বাংলাদেশি আম্পায়ার।

এই টেস্টে তিনি থাকছেন টিভি আম্পায়ার হিসেবে। মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ভারতের নিতিন মেনন ও দক্ষিণ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ডস্টক। অস্ট্রেলিয়ার শন ক্রেইগ থাকবেন চতুর্থ আম্পায়ার হিসেবে। শ্রীলঙ্কার অভিজ্ঞ রঞ্জন মাদুগালে ম্যাচ রেফারির দায়িত্বে আছেন।

৪ ডিসেম্বর ব্রিজবেনে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে শরফুদ্দৌলা আরো গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন। তিনি মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। তার সঙ্গে থাকবেন হোল্ডস্টক। সে টেস্টে নিতিন মেনন চলে যাবেন টিভি আম্পায়ারের বক্সে।

অ্যাশেজের প্রথম দুই টেস্টে শরফুদ্দৌলার এই দায়িত্ব বাংলাদেশের আম্পায়ারিংকে বিশ্বমঞ্চে নতুন করে তুলে ধরল। তার ব্যক্তিগত সাফল্য যেমন বড় বিষয়, তেমনি বাংলাদেশও দেখাল যে তারা এখন এলিট পর্যায়ে আম্পায়ারিংয়ে শক্ত অবস্থান তৈরি করছে।

তবে সিরিজের পরের তিন টেস্টে তিনি থাকবেন না। তৃতীয় টেস্ট শুরু হবে ১৭ ডিসেম্বর, চতুর্থ ২৬ ডিসেম্বর এবং পঞ্চম ৪ জানুয়ারি। শেষ ভাগে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব সামলাবেন নিউজিল্যান্ডের জেফ ক্রো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights