অ্যাশেজে স্মিথকে ঠেকাতে ইংল্যান্ডের ‘অদ্ভুত’ কৌশল

অনলাইন ডেস্ক

ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজের আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে ভারতের বিপক্ষে লড়ছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন অজিদের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ব্যাটার স্টিভ স্মিথ। সেই ইনিংস দেখেই কিনা আগে থেকেই সতর্ক হয়ে উঠছে ইংল্যান্ড। আসন্ন অ্যাশেজে তাকে নিয়ে ব্রেন্ডন ম্যাককালামের দল এবার ভিন্ন পরিকল্পনা আঁটছে। যাকে তারা বলছে ‌‘অদ্ভুত কৌশল’ হিসেবে।

স্মিথকে ঠেকাতে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন ইংলিশ দলের সহ-অধিনায়ক ও ফর্মে থাকা ব্যাটার অলিভার পোপ। তিনি বলেন, ‘সে (স্মিথ) ইংল্যান্ডে ব্যাট করতে ভালোবাসে। এটা তো জানা কথাই যে এই কন্ডিশন সে খুব ভালোভাবে চেনে, নিজের খেলাটা এখানে খুব ভালোভাবে বোঝে। তার প্রতি তাই (আমাদের) শ্রদ্ধাবোধ অনেক। তবে আমাদের ড্রেসিং রুমেও দারুণ প্রতিভাবান সব বোলার আছে, যারা তাকে চ্যালেঞ্জ জানানোর উপায় বের করেছে। আমাদের জন্য সেটিই হবে মূল ব্যাপার। খুব বেশি খোলাসা করতে চাই না। তবে এবার কিছুটা ভিন্ন পরিকল্পনা থাকবে।’

স্মিথের জন্য অদ্ভুত কৌশল বেছে নেওয়ার কথা উল্লেখ করে পোপ আরও বলেন, ‘স্টিভ স্মিথ দারুণ স্কিলড ব্যাটার এবং প্রচুর রান করেছে। কিন্তু আমার মনে হয়, তার জন্য…তাকে চ্যালেঞ্জ জানাতে, তার পরীক্ষা নিতে এবং যতটা সম্ভব তাকে অস্বস্তিতে ফেলতে আমরা আরও অদ্ভুত কোনো পথ বেছে নেব এবং চেষ্টা করব তাকে আউট করার। বিভিন্ন কন্ডিশনে দারুণ সব সাফল্য আছে তার। তবে আমরাও দারুণ এক দল, নানা সময়ে বিভিন্ন ঘরানায় খেলেছি। এমন নয় যে সবসময় অফ স্টাম্পের চূড়াতেই লক্ষ্য থাকে, ম্যাচে ২০ উইকেট শিকারের জন্য আরও নানা পথ আমরা খুঁজে নেই।’
আগামী ১৬ জুন এজবাস্টনে প্রথম টেস্ট দিয়ে অ্যাশেজ শুরু হবে। এরপর লর্ডসে ২৮ জুন হবে দ্বিতীয় টেস্ট। ৬ ও ১৯ জুলাই হবে তৃতীয় ও চতুর্থ টেস্ট। এই দুই টেস্টের ভেন্যু লিডস ও ম্যানচেস্টার। আর লন্ডনের ওভালে ২৭ জুলাই হবে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights