অ্যাস্টন ভিলা ছেড়ে আল হিলালে ইংলিশ ফরোয়ার্ড
অনলাইন ডেস্ক
বহুদিনের জল্পনা, বিতর্ক আর টানাপোড়েনের পর অবশেষে চূড়ান্ত হলো চুক্তি। ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা ছেড়ে সৌদি আরবের আল হিলালে যোগ দিয়েছেন ইংল্যান্ডের ফরোয়ার্ড অলি ওয়াটকিন্স। ৩০ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে ক্লাবটি।
চুক্তির আর্থিক বিস্তারিত আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও ব্রিটিশ গণমাধ্যমের দাবি, প্রায় ৫ কোটি ১০ লাখ পাউন্ড (প্রায় ৬ কোটি ৯১ লাখ মার্কিন ডলার) ট্রান্সফার ফিতে এই দলবদল সম্পন্ন হয়েছে।
আল হিলালে যেতে ওয়াটকিন্সের আগ্রহের খবর প্রকাশ্য হয়ে যায় বেশ আগেই। আলোচনা চলমান ছিল বলে এবারের মৌসুমে অ্যাস্টন ভিলার প্রথম ম্যাচে মাঠ নামতেও অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি। সেটা নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা হয়েছিল। পরে তিনি ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছিলেন কোচ উনাই এমেরি। অবশেষে চুক্তির দুই বছর বাকি থাকতেই ভিলা ছাড়লেন প্রিমিয়ার লিগে ক্লাবটির সফলতম গোল স্কোরার।
দুই ক্লাব থেকেই আনুষ্ঠানিক ঘোষণার পর সামাজিক মাধ্যমে ওয়াটকিন্স বলেন, ভিলায় এভাবে শেষ করার ইচ্ছে তার ছিল না।
তিনি বলেন, “প্রথমেই বলতে চাই, আমি কখনোই চাইনি বা কল্পনাও করিনি যে অ্যাস্টন ভিলায় আমার সময়টা এভাবে শেষ হবে। তবে একথাও বলতে হয় যে, আমি গত ছয় বছরের জন্য চিরকৃতজ্ঞ। এই সময়টা শুধু আমাকে একজন ফুটবলার হিসেবেই নয়, একজন মানুষ হিসেবেও গড়ে তুলেছে।”
এক্সেটার সিটির একাডেমি থেকে উঠে আসা ওয়াটকিন্স ২০১৪ সালে এই ক্লাবের হয়েই শুরু করেন পেশাদার ফুটবলে পথচলা। ২০১৭ সালে তিনি যোগ দেন ব্রেন্টফোর্ডে। সেখান থেকে ২০২০ সালে আসেন অ্যাস্টন ভিলায়। তার ক্যারিয়ারের সেরা সময় কাটে এই ক্লাবেই।
ভিলার জার্সিতে প্রিমিয়ার লিগে তার গোল ৯১টি, ক্লাবের ইতিহাসে যা সর্বোচ্চ। সব প্রতিযোগিতা মিলিয়ে এই ক্লাবের হয়ে গোল করেছেন ১০৮টি। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে করেন ২১ গোল। এর মধ্যে ইউরোপা লিগে পাঁচ গোল করে অবদান রাখেন ক্লাবের ঐতিহাসিক শিরোপা জয়ে।
বিদায় বেলায় সেই স্মৃতিগুলো উঠে এলো ওয়াটকিন্সের কথায়। পাশাপাশি তুলে ধরলেন তিনি সামনের সময়টার রোমাঞ্চও।
“এখানে আমার ছয়টি মৌসুমে আমরা অনেক উত্থান-পতনের মধ্যে দিয়ে গিয়েছি। কিন্তু একটা ব্যাপার কখনও বদলায়নি, তা হলো এই ক্লাবের জন্য আমার সবকিছু উজাড় করে দিয়েছি। লিভারপুলের বিপক্ষে ৭-২ গোলের জয়ে আমার প্রথম গোল থেকে শুরু করে, ক্লাবকে ইউরোপিয়ান আসরে ফিরিয়ে আনা, ভিলা পার্কের চ্যাম্পিয়ন্স লিগের রাতগুলো, আর ইস্তানবুলের সেই অবিস্মরণীয় রাত (ইউরোপা জয়) পর্যন্ত।
এখন একটি নতুন অধ্যায় শুরু করার সময়, যা নিয়ে আমি রোমাঞ্চিত। তবে ভারাক্রান্ত হৃদয়েই আমি এই অধ্যায়টি শেষ করছি। ভিলা আমার কাছে সবসময়ই অনেক অর্থবহ থাকবে। আমার অন্তরের অন্তঃস্থল থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ।”
ভিলাতে খেলার সময়ই জাতীয় দলের ডাক আসে তার এবং অভিষেক হয় দেশের জার্সিতে। ইংল্যান্ডের হয়ে খেলেছেন তিনি এখনও পর্যন্ত ২৪ ম্যাচ।
গত মৌসুমে ইউরোপাজয়ী অ্যাস্টন ভিলা এবার ওয়াটকিন্সকে হারিয়ে আরও খর্বশক্তির হয়ে গেল। এবারের দলবদলে এর আগেই ক্লাব ছেড়েছেন মর্গ্যান রজার্স, এমি মার্তিনেস, লুকা দিনিয়ে, এজরি কন্সা ও ইউরি টিলেমান্স।
ওয়াটকিন্সের সম্ভাব্য বদলি হিসেবে ভিলা এর মধ্যেই চেলসি থেকে নিকোলাস জ্যাকসনকে চুক্তিবদ্ধ করেছে।
