আইনজীবী নিজাম হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন
লক্ষ্মীপুর প্রতিনিধি
বাগেরহাট জজ কোর্টের আইনজীবী ও সহকারী সরকারি কৌশলী (এপিপি) অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্তকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর আইনজীবী সমিতির আয়োজনে জেলা জজ আদালত প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া আইনজীবীরা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, আইনজীবীদের ওপর ধারাবাহিক হামলা ও হত্যাকাণ্ড দেশের বিচার ব্যবস্থার জন্য গভীর উদ্বেগের বিষয়। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তারা আহ্বান জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘বিচার চাই, নিরাপত্তা চাই, আইনজীবীর ওপর হামলা, বিচারহীনতা আর না’ স্লোগান দেন এবং অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক রফিকউল্লাহ, সরকারি কৌশলী (পিপি) আহমেদ ফেরদৌস মানিক, আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুল মজিদ চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল আহাদ শাকিল (এপিপি), ব্যারিস্টার তরিকুল ইসলামসহ সমিতির অন্যান্য আইনজীবীরা।
