আইসিসিতে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ কয়েকজন হামাস নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির অনুরোধ জানিয়েছেন।

বেনিয়ামিন নেতানিয়াহু, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাসের কয়েকজন শীর্ষ নেতাকে যুদ্ধাপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি করতে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন তিনি।

আজ সোমবার আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত প্রধান কৌঁসুলি করিম খানের একটি বিবৃতিতে ফিলিস্তিন ও ইসরায়েলি ভূখণ্ডে গত আট মাস ধরে চলা যুদ্ধে উভয় পক্ষের নেতাদের বিরুদ্ধে প্রায় একই অভিযোগ আনা হয়েছে।
গ্রেফতারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রি-ট্রাইল চেম্বার ১-এ আবেদন করেছেন করিম খান। তিনি বলেছেন, “তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনার বিশ্বাসযোগ্য তথ্যপ্রমাণ রয়েছে।”

হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার, ইসমাইল হানিয়া, মোহাম্মদ আল-মাসরির বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারির অনুরোধ জানিয়েছেন করিম খান।

৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এ নেতাদের বিরুদ্ধে তখনকার সময়ের অভিযোগ আনা হয়েছে। হামাসের হামলার পর গাজায় হামলা শুরু করে ইসরায়েল।

নেতানিয়াহু বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনের নিন্দা জানিয়েছেন ইসরায়েলের নেতারা। যুদ্ধকালীন মন্ত্রিসভার মন্ত্রী বেনি গান্তজ বিষয়টিকে ন্যায়বিচারের গভীর বিকৃতি বলে আখ্যা দিয়েছেন।

হামাসের এক জৈষ্ঠ কর্মকর্তা বলেন, ভুক্তভোগীর সঙ্গে হত্যাকারীদের মেলাতে আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করতে চাচ্ছে। আইসিসির একটি প্যানেল করিম খানের আবেদন পর্যালোচনা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights