আইসিসিবিতে শুরু হয়েছে ফুড, এগ্রো, মেডিটেক্স ও হেলথ ট্যুরিজম এক্সপো

অনলাইন ডেস্ক

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ফুড, এগ্রো, মেডিটেক্স ও হেলথ ট্যুরিজম এক্সপো ২০২৬।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ আয়োজন চলবে ৯ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এ আয়োজন করেছে।

বৃহস্পতিবার আইসিসিবির নবরাত্রি হল–৪–এ প্রদর্শনীগুলোর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবালের প্রেসিডেন্ট ও গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন. ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফিরোজ উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মহসীন, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোছা. নার্গিস মুরশিদা, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মহাপরিচালক গাজী এ কে এম ফজলুল হক এবং আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের নির্বাহী কমিটির সদস্য মির্জা সজীব রায়হান উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, ‘৯ম ফুড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’, ‘৬ষ্ঠ ফুড প্যাক এক্সপো ২০২৬’, ‘৯ম এগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’ এবং ‘৯ম পোল্ট্রি অ্যান্ড লাইভস্টক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’–এ খাদ্য, কৃষি, প্যাকেজিং ও কৃষিযন্ত্রপাতি খাতের আধুনিক প্রযুক্তি ও সেবা তুলে ধরা হচ্ছে।

এ ছাড়া ‘১৭তম মেডিটেক্স বাংলাদেশ ২০২৬ ইন্টারন্যাশনাল এক্সপো’, ‘১০ম বাংলাদেশ ক্লিনিক্যাল ল্যাব এক্সপো ২০২৬’, ‘১২তম ফার্মা বাংলাদেশ ২০২৬ ইন্টারন্যাশনাল এক্সপো’ এবং ‘৯ম ইন্টারন্যাশনাল হেলথ ট্যুরিজম অ্যান্ড সার্ভিসেস এক্সপো বাংলাদেশ ২০২৬’–এ চিকিৎসা সরঞ্জাম, স্বাস্থ্যসেবা, ফার্মাসিউটিক্যাল ও স্বাস্থ্য পর্যটন খাতের বিভিন্ন প্রযুক্তি ও সেবা প্রদর্শিত হচ্ছে।

প্রদর্শনীতে বাংলাদেশসহ ১৫টির বেশি দেশের প্রায় ১৯০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের ৩১০টির বেশি বুথে খাদ্য, কৃষি, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তি খাতের বিভিন্ন পণ্য ও সেবা প্রদর্শন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights