আইসিসিবিতে শুরু হল চামড়াজাত পণ্য খাতের সর্বাধুনিক প্রযুক্তির প্রদর্শনী
নিজস্ব প্রতিবেদক
চামড়া, জুতা তৈরির যন্ত্রপাতি, জুতার বিভিন্ন উপকরণ, রাসায়নিক ও আনুষঙ্গিক পণ্যের সমাহার নিয়ে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবিতে) শুরু হয়েছে চামড়া শিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী লেদারটেক বাংলাদেশ ২০২৪-এর দশম আসর।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)- তে তিনদিন ব্যাপী এ প্রদর্শনী শুরু হয়। যা চলবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রদর্শনীটির দশম আসরে ২০টি দেশের প্রায় ২০০ প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। বিগত কয়েক বছর ধরে এটি বাংলাদেশের চামড়া, জুতা ও ভ্রমণ সামগ্রী খাতের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন এবং অনুসন্ধানের সবচেয়ে পছন্দসই প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্য খাত বেশ প্রবৃদ্ধি অর্জন করেছে এবং দিন দিন সম্প্রসারিত হচ্ছে। বর্তমানে এই খাতের উৎপাদনকারীরা গুণগত মান, দক্ষতা এবং পরিবেশগত দিক বিবেচনায় রেখে সর্বাধুনিক প্রযুক্তি ও সমাধান চান। এই খাতে বিনিয়োগে আগ্রহী নতুন উদ্যোক্তারা সারাবছর লেদারটেক বাংলাদেশ প্রদর্শনীর জন্য অপেক্ষায় থাকেন, যাতে এই প্রদর্শনীতে এসে দেখে-বুঝে তাদের প্রয়োজনীয় যন্ত্র ও উপকরণ সংগ্রহ করতে পারেন।

আইসিসিবিতে শুরু হল চামড়াজাত পণ্য খাতের সর্বাধুনিক প্রযুক্তির প্রদর্শনী
তারা জানায়, নতুন অর্ডার আসতে থাকায় সাম্প্রতিক প্রান্তিকগুলোয় এই খাতের রপ্তানি আয় বিগত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে, যা দীর্ঘদিন ধরে করোনা মহামারীর ধাক্কায় ধুঁকতে থাকা চামড়া শিল্পের জন্য শুভ লক্ষণ। কোন কোন দেশে অর্থনৈতিক মন্দা চললেও বাংলাদেশে বর্তমানে বিদেশি প্রতিষ্ঠানগুলোর ক্রয়াদেশ ক্রমেই বাড়ছে। তারা বাংলাদেশের তুলনামূলক সাশ্রয়ী শ্রমের মজুরীর কারণে “মেইড ইন বাংলাদেশ” ট্যাগ যুক্ত জুতা আরও সাশ্রয়ী করে তোলা সম্ভব হয়েছে।

আইসিসিবিতে শুরু হল চামড়াজাত পণ্য খাতের সর্বাধুনিক প্রযুক্তির প্রদর্শনী
আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, লেদারটেক বাংলাদেশ একটি প্রযুক্তি প্ল্যাটফর্ম হিসেবে দশ বছর আগে যাত্রা শুরু করেছিল, যার লক্ষ্য ছিল জুতা, ভ্রমণ সামগ্রী এবং এই ধরণের পণ্য উৎপাদনের সাথে সম্পর্কিত প্রযুক্তিগুলো সংশ্লিষ্ট উৎপাদনকারীদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। ‘লেদারটেক বাংলাদেশ-২০২৪’ চামড়া শিল্পসংশ্লিষ্ট শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য তাদের সর্বাধুনিক পণ্য প্রদর্শনের একটি আদর্শ প্ল্যাটফর্ম। এই প্রদর্শনী একদিকে যেমন উদ্ভাবনী প্রযুক্তিগুলো সবার সামনে নিয়ে আসে তেমনি নিজের উৎপাদনশীলতা, গুণমান, বৈচিত্র্য এবং দক্ষতার উন্নয়নে সহায়ক উদ্ভাবনগুলোও সনাক্ত করতে সহায়তা করে।
