আইসিসিবি এক্সপো ভিলেজে শুরু হচ্ছে প্লাস্টিক মেলা

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক এক্সপো-ভিলেজ ‌‘আইসিসিবি এক্সপো ভিলেজ বাংলাদেশ’-এ শুরু হচ্ছে আন্তর্জাতিক প্লাস্টিক মেলা।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সুবিশাল এই ভিলেজের আয়তন ১ লাখ ৩৪ হাজার বর্গফুট। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এ বহুমুখী ভেন্যুটিতে একই ছাদের নিচে মেলা, প্রদর্শনী, সমাবর্তন, সেমিনার, এজিএম, কর্পোরেট রিট্রিট, কনসার্ট, বিয়ে, পরীক্ষার হল, বাইক, কার-শোসহ যে কোনো ধরনের ছোট থেকে বড় কর্পোরেট, সামাজিক এবং ব্যক্তিগত অনুষ্ঠান স্বাচ্ছন্দ্যে করা যাচ্ছে। একই ছাদের নিচে এত বড় জনসমাগস্থল বাংলাদেশে আর নেই, যেখানে ১০ হাজার জনেরও বেশি লোক একসঙ্গে সমাগম করা সম্ভব।

‘আইসিসিবি এক্সপো ভিলেজ বাংলাদেশ’ এ সমাবর্তন ও কনফারেন্সে ১০ হাজার লোক, কনসার্টে ১২ হাজার লোক, বিয়ের অনুষ্ঠানে ৯ হাজার লোকসহ যেকোনো অনুষ্ঠান করা সম্ভব। এই এক্সপো ভিলেজের সাথে রয়েছে সহস্রাধিক গাড়ি পার্কিং ব্যবস্থা, সার্বক্ষণিক সিসিটিভি সার্ভেইল্যান্স এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থাসহ অন্য অত্যাধুনিক সুযোগ-সুবিধা। সারাবছরই বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য এই এক্সপো ভিলেজটি সবার জন্য উন্মুক্ত রয়েছে।

আগামীকাল বুধবার ‘আইসিসিবি এক্সপো ভিলেজ বাংলাদেশ’ এ শুরু হচ্ছে চার দিনব্যাপী ১৭তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা।

এই মেলায় দেশি-বিদেশি আট শতাধিক স্টল থাকবে। এতে স্বাগতিক বাংলাদেশ, চীন, জার্মানি, ভারত, ইতালি, ভিয়েতনাম, তুরস্ক, জাপানসহ বিভিন্ন দেশের কোম্পানিগুলো তাদের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করবে।

বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিপিজিএমইএ) এবং হংকংভিত্তিক প্রতিষ্ঠান ইয়োকার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস যৌথভাবে মেলাটির আয়োজন করছে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীটির উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাণিজ্য সচিব মো. আবদুর রহিম খান, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) প্রশাসক মো. হাফিজুর রহমান, সার্ক চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. জসিম উদ্দিন প্রমুখ।

বিপিজিএমইএ’র সভাপতি সামিম আহমেদ বলেন, মেলায় দেশীয় প্রতিষ্ঠানগুলো গৃহস্থালিতে ব্যবহার্য বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্য, প্যাকেজিং উপকরণ, প্লাস্টিক মোল্ড, ক্রোকারিজ, খেলনাসামগ্রী, ওষুধশিল্পের প্রয়োজনীয় উপকরণ, প্লাস্টিকের আসবাব, মেলামাইন পণ্য, তৈরি পোশাক খাতের প্রয়োজনীয় পণ্য, পিপি ওভেন ব্যাগ ইত্যাদি পণ্য প্রদর্শন করবে।

অন্যদিকে, বিদেশি প্রতিষ্ঠানগুলো প্লাস্টিক ইনজেকশন মোল্ডিং মেশিন, পিপি ওভেন ব্যাগ মেশিন, প্যাকেজিং মেশিন, ফ্লেকসোগ্রাফিক প্রিন্টিং মেশিন, পেট ব্লো মেশিন ও প্লাস্টিকের ব্যাগ তৈরির মেশিন বা যন্ত্র প্রদর্শন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights