আইসিসির জানুয়ারি মাসের সেরা খেলোয়াড় মুনি

অনলাইন ডেস্ক

আইসিসি’র জানুয়ারির সেরা নারী ক্রিকেটারের পুরুস্কার জিতেছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি। গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি। সেরার লড়াইয়ে মুনি পেছনে ফেলছেন ওয়েস্ট ইন্ডিজের কারিশ্মা রামহারাক ও ভারতের গঙ্গাদি তৃষ্ণাকে। অন্যদিকে, পাকিস্তানে টেস্ট সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া ওয়েস্ট ইন্ডিজের জোমেল ওয়ারিক্যান প্রথমবার ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ স্বীকৃতি পেয়েছেন।

অস্ট্রেলিয়ান কিপার-ব্যাটার মুনি মাস সেরার পুরস্কার জেতেন ইংল্যান্ডের বিপক্ষে আলো ছড়িয়ে। অ্যাশেজে ওয়ানডে সিরিজে একটি ফিফটি করেন তিনি।পরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১৪৬.৮৯ স্ট্রাইক রেটে করেন ২১৩ রান; সিডনিতে ৪৪ বলে ৭৫ রানের পর অ্যাডিলেইডে ৬৩ বলে করেন অপরাজিত ৯৪। এই পারফরম্যান্সে টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে তিনি।

মাস সেরার লড়াইয়ে ওয়ারিক্যান হারিয়েছেন ভারতীয় স্পিনার বরুন চক্রবর্তী ও পাকিস্তানের নোমান আলিকে। আর পাকিস্তানে দুই টেস্টের সিরিজের প্রথমটিতে দুর্দান্ত বোলিং করেন ওয়ারিক্যান। মুলতানে স্পিন সহায়ক উইকেটে প্রথম ইনিংসে ৩টির পর দ্বিতীয় ইনিংসে মাত্র ৩২ রানে ৭ উইকেট নেন তিনি। কিন্তু ম‍্যাচে হেরে যায় সফরকারীরা। পাকিস্তান সফরের আগে ১৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ওয়ারিক্যানের উইকেট ছিল মোট ৫৪টি। ম্যাচে ১০ উইকেট তো দূরের কথা, ইনিংসে ৫ উইকেটও ছিল না একবারও। পাকিস্তান সফরের প্রথম টেস্টে দুইটির স্বাদই পান তিনি।

দ্বিতীয় টেস্টে ১২০ রানের স্মরণীয় জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের মাটিতে ৩৪ বছরেরও বেশি সময় পর পায় টেস্ট জয়ের স্বাদ। ওই ম্যাচের নায়ক ছিলেন ওয়ারিক্যানই। বাঁহাতি স্পিনে প্রথম ইনিংসে ৪৩ রানে নেন ৪ উইকেট, দ্বিতীয় ইনিংসে ২৭ রানে ৫টি। ম্যাচসেরার পাশাপাশি জেতেন সিরিজসেরার পুরস্কারও। ওই সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন ওয়ারিক্যান। দুই ম্যাচে তার শিকার ছিল ১৯ উইকেট। এছাড়া দুই ম্যাচে ব্যাট হাতে অপরাজিত ৩১ ও ৩৬ রানের মূল্যবান দুটি ইনিংসও খেলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights