আইসিসি র‍্যাঙ্কিংয়ে শান্ত-নাহিদ-মিরাজদের বড় লাফ

স্পোর্টস ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর আইসিসির হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে দারুণ সুখবর পেয়েছে বাংলাদেশ দল। সিরিজে ২-১ ব্যবধানে জয় তুলে নেওয়ার পর রেটিং পয়েন্ট বেড়েছে টাইগারদের, পাশাপাশি ব্যক্তিগত র‍্যাঙ্কিংয়েও বড় উন্নতি করেছেন একাধিক ক্রিকেটার।

সবচেয়ে বেশি নজর কেড়েছেন বাংলাদেশের তিন পেসার নাহিদ রানা, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। সিরিজজুড়ে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার হিসেবে ৩ ম্যাচে ৮ উইকেট নেওয়া নাহিদ ১৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৪৮ নম্বরে। শরীফুল ইসলাম ৫ উইকেট নিয়ে ১১ ধাপ এগিয়ে এখন ২৮তম স্থানে। আর এক ম্যাচ খেলেই ৫ উইকেট নেওয়া মুস্তাফিজ ১৪ ধাপ এগিয়ে পৌঁছেছেন ৪১ নম্বরে।

ব্যাটসম্যানদের তালিকাতেও এসেছে বড় সুখবর। সিরিজের একমাত্র সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত ১১ ধাপ এগিয়ে এখন ৩২তম স্থানে। অন্যদিকে একটি ফিফটিসহ ১২৯ রান করা লিটন দাস ১৫ ধাপ এগিয়ে উঠে গেছেন ৬৫ নম্বরে।

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে অধিনায়ক মেহেদী হাসান মিরাজেরও। সিরিজে ৩৬ রান ও ২ উইকেট নিয়ে তিনি যৌথভাবে তৃতীয় স্থানে উঠে এসেছেন। তার রেটিং ২৭৫, সমান পয়েন্ট রয়েছে আফগান তারকা মোহাম্মদ নবীরও। তালিকার শীর্ষে রয়েছেন আজমতউল্লাহ ওমরজাই, দ্বিতীয় স্থানে সিকান্দার রাজা।

এদিকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও সুখবর পেয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলে তাওহিদ হৃদয় ৯ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৯তম স্থানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights