আইসিসি লেভেল-৩ কোচিং কোর্সে উত্তীর্ণ নাসিরউদ্দিন

অনলাইন ডেস্ক

বাংলাদেশ নারী দলের ব্যাটিং কোচ নাসিরউদ্দিন ফারুক আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) লেভেল-৩ কোচিং কোর্সে ৯১ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

শুক্রবার নাসিরউদ্দিনের এই সাফল্যের বিষয়টি জানা যায়।

কোচিংয়ের সর্বোচ্চ পর্যায়ের অন্যতম এই কোর্সে অংশগ্রহণকারীদের লিখিত অ্যাসাইনমেন্ট, মাস্টার এডুকেটরদের সামনে উপস্থাপনা এবং মাঠপর্যায়ে বিভিন্ন ব্যবহারিক মূল্যায়নের মধ্য দিয়ে যেতে হয়েছে।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে নাসিরউদ্দিন বলেন, ‘লিখিত অ্যাসাইনমেন্টের পাশাপাশি সব মাস্টার এডুকেটরের সামনে উপস্থাপনা এবং মাঠপর্যায়ের কাজ, সব মিলিয়ে এটি ছিল বেশ দীর্ঘ একটি প্রক্রিয়া।’

তবে কঠিন এই প্রক্রিয়াটিকেই নিজের জন্য দারুণ এক শেখার অভিজ্ঞতা হিসেবে দেখছেন নাসিরউদ্দিন। তিনি বলেন, কোর্সটি উন্নত কোচিং পদ্ধতি সম্পর্কে জ্ঞান আরও গভীর করার পাশাপাশি আধুনিক কোচিং ম্যানুয়াল নিয়েও কাজ করার সুযোগ করে দিয়েছে। আমি যে বিষয়টি বেছে নিয়েছিলাম, সেটি ছিল খুবই আকর্ষণীয়। বাংলাদেশ নারী ক্রিকেটের দলীয় পরিবেশ ও ভবিষ্যৎ পরিকল্পনা।

কোর্সের অন্য অংশগ্রহণকারীদের অনেকে যেখানে পুরুষ ক্রিকেটারদের উন্নয়ন নিয়ে কাজ করেছেন, সেখানে নাসিরউদ্দিনের আগ্রহ ছিল নারী ক্রিকেটের অগ্রগতি নিয়ে। তাই তিনি বেছে নেন বাংলাদেশ নারী ক্রিকেটের উন্নয়নকেন্দ্রিক একটি বিষয়।

তিনি বলেন, ‘অন্যরা যেখানে পুরুষ খেলোয়াড়দের উন্নয়ন নিয়ে কাজ করেছে, সেখানে আমার কাছে নারী ক্রিকেটের উন্নয়নই ছিল মূল বিষয়। আমি বেশ চ্যালেঞ্জিং একটি বিষয় বেছে নিয়েছিলাম।’

গত বছর ২৭ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত ভুটানে অনুষ্ঠিত হয় আইসিসির লেভেল-৩ কোচিং কোর্স। ১৪টি দেশের কোচরা এতে অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন সাবেক আন্তর্জাতিক তারকা সনাথ জয়সুরিয়া ও মোহাম্মদ হাফিজও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights