আওয়ামী লীগের অধীনেই নির্বাচন, ষড়যন্ত্র করে লাভ নেই: হুইপ ইকবালুর রহিম

দিনাজপুর প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, আওয়ামী লীগের অধীনেই নির্বাচন হবে। ষড়যন্ত্র করে লাভ নেই।

বৃহস্পতিবার দিনাজপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ মহাবিদ্যালয়ের ৫০তম সুবর্ণ জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

ইকবালুর রহিম বলেন, ২০০৮ সালে শেখ হাসিনার দেওয়া ডিজিটাল বাংলাদেশ গড়ার নির্বাচনী ইশতেহার পূরণ হয়েছে। দেশের জনগণ বিজ্ঞানভিত্তিক চিন্তা করতে পারছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রযুক্তিভিত্তিক কাজ করছে। বঙ্গবন্ধু যেভাবে ষড়যন্ত্র উপেক্ষা করে বাংলাদেশ স্বাধীন করেছেন তেমনিভাবে বর্তমানেও সকল ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন।
হুইপ বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের কারিগর আজকের এই শিক্ষার্থীরাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবে রুপ দিতে শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষা ছাড়া কোনো দেশের উন্নয়ন সম্ভব না। এ জন্য তথ্য প্রযুক্তি শিক্ষার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুর বাংলাদেশ আর পেছনে ফিরবে না। বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের মধ্য দিয়েও দেশকে সোনার বাংলা পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।শুধু শিক্ষার আলোয় আলোকিত হলে চলবে না। আলোকিত মানুষ হতে হবে। এজন্য শিক্ষকদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ছিল জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা উড়ানো, আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিচুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম, আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. সৈয়দ রেদওয়ানুর রহমান, উপাধ্যক্ষ হাসিনা আক্তার শিউলি, সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক আসাদুল্লাহ সরকার প্রমুখ।

স্মৃতিচারণ করেন প্রাক্তন ছাত্র দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন লাবু, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ ওয়াহেদুল আলম আর্টিস্ট, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুন বেগম লাবুন, প্রাক্তন ছাত্র বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, লুৎফুল কবীর বকুল, ছাত্রলীগ নেতা মোসাদ্দেক হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights