‘আওয়ামী লীগের মধ্যে একজনও মুক্তিযোদ্ধা নেই, এরা ভারতের মুক্তিযোদ্ধা’

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, আওয়ামী লীগের মধ্যে একজনও মুক্তিযোদ্ধা নেই। তারা ভারতের মুক্তিযোদ্ধা। ভারতের হোটেলে থেকে স্বাধীনতার পর দেশে এসে কাগজে কলমে মুক্তিযোদ্ধা হয়েছে। বিএনপি হলো রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। দেশকে তারাই বেশি ভালোবাসবে যারা রণাঙ্গনে যুদ্ধ করেছে। যারা ভারতে বসে মুক্তিযোদ্ধা হয়েছে তারা দেশকে ভালোবাসবে না। রণাঙ্গনের মুক্তিযোদ্ধারাই প্রকৃত দেশপ্রেমিক। বিএনপিই হলো সেই রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। বিএনপিই প্রকৃত দেশপ্রেমিক, আওয়ামী লীগ নয়।

রবিবার (১২ ডিসেম্বর) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নাসিক সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের নয়াআটি মুক্তিনগর এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মামুন মাহমুদ আরো বলেন, আওয়ামী লীগ বিপদ দেখলেই দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যায়। বিএনপি বিপদ দেখে পালায় না। অত্যাচার নির্যাতন ও মৃত্যু যন্ত্রনা সহ্য করেও বিএনপি দেশের মানুষের পাশে থেকেছে। জনগণের সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। বিপদ দেখে দেশের মানুষকে ছেড়ে বিএনপি পালিয়ে যাবে না।

এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতা অখিল উদ্দিন ভূঁইয়া, রিয়াজুল ইসলাম, গাজী মনির হোসেন, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, স্বেচ্ছাসেবক দলের নেতা মোল্লা সাখাওয়াত হোসেন, যুবদল নেতা মো: সোহেলসহ ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকার বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
অনুষ্ঠানে সানাড়পার এলাকার পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights