আওয়ামী লীগের ষড়যন্ত্রে বিএনপি নেতারা হত্যা মামলার আসামি
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আওয়ামী লীগ নেতাদের ষড়যন্ত্রে হত্যা মামলার আসামি করা হয়েছে বিএনপির কয়েক নেতাকে। হত্যা মামলা থেকে জামিনপ্রাপ্ত হয়ে এ দাবি করেছেন বিএনপি নেতারা। শনিবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন এ দাবি করা হয়।
আলমডাঙ্গা উপজেলার রামদিয়া গ্রামের বাসিন্দা ও উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক আনসার আলী বলেন, গত ২২ ডিসেম্বর পূর্ব বিরোধের জেরে কৃষক আহাম্মদ শরীফ খুন হন। এ ঘটনায় গ্রাম্য আওয়ামী লীগ নেতা গোলাম সরোয়ার মিঠু, রবজেল হোসেন গং ষড়যন্ত্র করে আনসার আলীসহ বিএনপি নেতাদের নামে মিথ্যা মামলা দায়ের করে। মামলায় খাসকররা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, রামদিয়া গ্রামের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন, একই ওয়ার্ডের কৃষকদল সভাপতি সুকচাঁদ আলীসহ বিএনপি নেতাকর্মীদের আসামি করা হয়। তারা এ ঘটনার সঠিক বিচার দাবি করেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন খাসকররা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, রামদিয়া গ্রামের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন, একই ওয়ার্ডের কৃষকদল সভাপতি সুকচাঁদ আলী প্রমুখ।
