আওয়ামী লীগ গণতন্ত্রবিরোধী

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবেই গণতন্ত্রবিরোধী শক্তি। জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা দখল করে সেটিকে চিরস্থায়ী করার বন্দোবস্তয় লিপ্ত রয়েছে। আর সেজন্য তারা দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে ভেঙে ধ্বংসস্তূপে পরিণত করেছে। এরা গণতন্ত্রমনা নানা শ্রেণি-পেশার মানুষকে অবরুদ্ধ করে রাখতে চায়। তিনি অবিলম্বে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং ব্যারিস্টার ওজমান চৌধুরীর নিঃশর্ত মুক্তিসহ তাদের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, মানুষের কণ্ঠকে স্তব্ধ করতে রাষ্ট্রকে নিপীড়নযন্ত্রে পরিণত করেছে তারা। দেশকে মিথ্যা মামলা, গ্রেফতার আর সহিংস হামলার এক নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। ৭ জানুয়ারির ডামি নির্বাচনের পর ক্ষমতা দখল করে এর তীব্রতা আরও বৃদ্ধি করা হয়েছে।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক নির্বাহী সদস্য ব্যারিস্টার ওজমান চৌধুরীকে গ্রেফতারের ঘটনা সেটিরই নির্মম বহিঃপ্রকাশ। সরকারের জুলুমের হাত থেকে দেশের ভিন্ন মতের খ্যাতনামা আইনজীবীদের ছাড় দেওয়া হচ্ছে না। চারদিকে ভয় ও আতঙ্কের পরিবেশ বজায় রেখে আওয়ামী ডামি সরকার নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু জনগণের সম্মিলিত শক্তির কাছে তাদের পরাজয় বরণ করতেই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights