‘আওয়ামী লীগ ছিল ভারতের দালাল’
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলা -৪ আসনের সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম বলেছেন, আওয়ামী লীগ ভারতের দালাল।তাদের ফরমায়েশি সরকার হিসেবে দেশ পরিচালনা করছে। জনগণের মৌলিক অধিকার হরণ করে গণতন্ত্রকে ধ্বংস করেছে। বুধবার (২২জানুয়ারি) চরফ্যাশন সদর রোডে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
সাবেক এমপি নাজিম উদ্দিন আলম বলেন, দিনের ভোট রাতে করে ১৭ বছর ক্ষমতায় থেকে বিএনপি নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা, হামলা দিয়ে জেল জুলুম করে নির্যাতন করেছে। আওয়ামী সরকার একটি জালিম সরকার। তারা এ দেশকে জঙ্গিবাদের অপশব্দ দিয়ে আলেম সম্প্রদায়কে নির্যাতন করেছে। দেশের মানুষকে জিম্মি করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেশের মানুষের আর্থিক ক্ষতিগ্রস্ত করেছে।
অনুষ্ঠানে সাবেক মেয়র আ ন ম আমিরুল ইসলাম বিন্টিজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আব্দুল মতিন, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ হুমায়ুন কবির, বিশিষ্ট শিল্পপতি আব্দুল সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোতাহার হোসেন আলমগীর মালতিয়া।
উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি যুবনেতা আশরাফুর রহমান দিপু ফরাজী, সাবেক যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, বিএনপির সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক শামসুদ্দিন কাউস, শ্রমিক দলের সাবেক সভাপতি মীর আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মীর শাহাদাত হোসেন সায়েদ ও হাবিব নেগাবান।
