আওয়ামী লীগ সুষ্ঠু পরিকল্পনায় এগিয়েছে বলেই বাংলাদেশ বদলে গেছে : ধর্মমন্ত্রী

অনলাইন ডেস্ক

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ‌‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে দেশের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। তার নেতৃত্বে দেশ উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হচ্ছে।’

আজ রবিবার জামালপুরের ইসলামপুরে চর পুটিমারী ইউনিয়ন পরিষদ মাঠে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আছে এবং সুষ্ঠু পরিকল্পনা নিয়ে এগিয়েছে বলেই বাংলাদেশ বদলে গেছে। সারা বিশ্বে সমাদৃত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে।’
জাতির পিতার অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শুধু একটি স্বাধীন দেশই দিয়ে যাননি, তিনি বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, জ্বালানি, বিজ্ঞান ও প্রযুক্তিসহ প্রায় সকল কিছুরই ভিত্তি রচনা করে দিয়ে গেছেন।’

মো. ফরিদুল হক খান বলেন, ‘বর্তমান সরকারের কৃষিবান্ধব নীতির কল্যাণে দেশের কৃষি আজ নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি ইসলামপুরকে ভালোবাসেন, তাই ইসলামপুরবাসীর জীবনমান উন্নয়নে যা প্রয়োজন তিনি তা করবেন।’

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামসুজ্জামান সুরুজ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস ছালাম, ত্রাণ সম্পাদক সালাউদ্দিন শাহ, যুবলীগের সভাপতি হারুনুর রশিদ প্রমুখ বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights