‘আওয়ামী সরকারের দেড়যুগে খুলনাবাসী ক্রীড়া আনন্দ বঞ্চিত ছিল’
নিজস্ব প্রতিবেদক,খুলনা
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, খুলনা বিভাগীয় স্টেডিয়ামে দীর্ঘদিন আন্তর্জাতিক মানের কোন খেলা হয় না। আওয়ামী লীগ সরকারের দেড় যুগে খুলনাবাসী ক্রীড়া আনন্দ বঞ্চিত ছিল। রাষ্ট্রের বহু টাকা ব্যয়ের পরও রক্ষণাবেক্ষণ অভাবে স্টেডিয়াম ধ্বংসের দ্বারপ্রান্তে। বিএনপির নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে খুলনায় নিয়মিত আন্তর্জাতিক মানের খেলা অনুষ্ঠিত হবে।
আজিজুল বারী হেলাল আরও বলেন, গণতন্ত্রনকে পুনরুজ্জীবিত করতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। ফ্যাসিবাদের দালালরা ক্রীড়া সংগঠনগুলো লুটপাটের প্রতিষ্ঠানে পরিণত করেছিল। এতে খেলার মাঠ থেকে মানুষ মুখ ফিরিয়ে নেয়। মাঠগুলো পরিণত হয় মাদকের আড্ডায়। এ অবস্থায় ক্রীড়াঙ্গনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গঠনে ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪’ এর আয়োজন করা হয়েছে। প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ক্রিকেট ম্যাচটি আনন্দঘন পরিবেশে স্টেডিয়ামে এসে উপভোগ করতে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সবাইকে আমন্ত্রণ জানান।
আজ শনিবার তিনি খুলনা বিভাগীয় স্টেডিয়ামে সম্ভাব্য ভেন্যু পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন।
বিগত দিনে জাতীয় ক্রিকেট লীগে অংশ নেয়া খুলনা বিভাগের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা লাল ও সবুজ দুই ভাগে বিভক্ত হয়ে ২৪ নভেম্বর খুলনার ম্যাচে অংশ নেবেন।
তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪’ আয়োজন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টে খুলনা বিভাগীয় সার্বিক ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক এ্যাড. এসএম শফিকুল আলম মনা, সাংগঠনিক ও প্রচার উপ-কমিটির আহ্বায়ক শফিকুল আলম তুহিনসহ উপ-কমিটির নেতৃবৃন্দ ও ক্রীড়া সংগঠনবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, সারাদেশে বিএনপির ১০টি সাংগঠনিক বিভাগের ২০টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। আগামী ১৯ জানুয়ারি জিয়াউর রহমানের জন্মদিনে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির সহযোগিতায় টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।
