আগস্টের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছে ৯১৫ মিলিয়ন ডলার
অনলাইন ডেস্ক
আগস্টের প্রথম আটদিনে দেশে ৯১৫ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৬৪০ মিলিয়ন ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪২ দশমিক ৯ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ৬ থেকে ৮ আগস্ট এ তিনদিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ৩১৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ দশমিক ৭৭৩ বিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৩ দশমিক ১১৮ বিলিয়ন ডলার।
চলতি অর্থবছরের প্রথম ৩৯ দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৬৫৫ মিলিয়ন মার্কিন ডলার। বছরওয়ারি হিসাবে এ সময়ে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ২১ শতাংশ।
সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসী বাংলাদেশিদের ধারাবাহিকভাবে শক্তিশালী আয় দেশে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহ ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
