আগামী আইপিএলে খেলা নিয়ে ধোঁয়াশা রাখলেন ধোনি

অনলাইন ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে এখনো ধোঁয়াশা চলছে। গত মৌসুমে ঋতুরাজ গায়কোয়াড় চোট পাওয়ার পর আবারও চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব পান ধোনি। পুরো মৌসুমজুড়েই তার অবসরের গুঞ্জন ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। সেই মৌসুম শেষ হওয়ার কয়েক মাস পার হলেও ধোনি কিংবা ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সম্প্রতি এক অনুষ্ঠানে ধোনিকে আবারও চেন্নাইয়ে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয়। সেখানে আবারও ধোঁয়াশা রাখেন ধোনি। চেন্নাইয়ের সঙ্গে তার সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে, এমনটা নিশ্চিত করেছেন তিনি। তবে খেলবেন কতদিন সেই উত্তর ছেড়ে দিলেন সময়ের ওপর।

ধোনি বলেন, আমি আগেও বলেছি যে, সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার হাতে এখনো সময় আছে। তবে যদি প্রশ্ন করেন আমি হলুদ জার্সিতে ফিরব কিনা, আমি সবসময় হলুদ জার্সিতে থাকব। খেলব কিনা সেটি আলাদা ব্যাপার।

তিনি বলেন, আমি আর চেন্নাই একসঙ্গেই থাকব। সামনের ১৫-২০ বছরও একসঙ্গে থাকব। যদিও আমি চাই না মানুষ ভাবুক আমি আরও ১৫-২০ বছর খেলব।

২০০৮ সালে প্রথম আইপিএল থেকেই চেন্নাইয়ের সঙ্গে আছেন ধোনি। তার নেতৃত্বে পাঁচবার শিরোপা জিতেছে ফ্র্যাঞ্চাইজিটি। অনুষ্ঠানে তিনি দলের সঙ্গে নিজের সম্পর্ক এবং চেন্নাই শহরের সঙ্গে তৈরি হওয়া বন্ধনের কথাও বলেন।

২০২৫ আইপিএলে অবশ্য হতাশার সময় পার করে চেন্নাই। পয়েন্ট তালিকার তলানিতে থেকে মৌসুম শেষ করে তারা। এ নিয়ে ধোনি বলেন, ভুল থেকে শিক্ষা নেওয়াই এখন সবচেয়ে জরুরি। গত কয়েক বছর আমাদের ভালো যায়নি। কিন্তু ব্যর্থতা থেকে কী শিখছি, সেটাই গুরুত্বপূর্ণ। কী ভুল হয়েছে, সেটি বুঝতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights