আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় কুপির আগুন কম্বলে লেগে দগ্ধ হয়ে অইচন বেওয়া নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার রাত ১১টার দিকে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের বুড়াসারডুবি গ্রামে এ ঘটনা ঘটে। অইচন বেওয়া (৭০) ওই গ্রামের মৃত জমির উদ্দিনের স্ত্রী।
জানা যায়, শনিবার রাতে কুপির আগুন কম্বলে লেগে যায়। এ সময় বুঝতে না পেরে অগ্নিদগ্ধ হয়ে নিজ বাড়িতে মারা যান ওই বৃদ্ধা। খবর পেয়ে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। ওই বৃদ্ধা চলাচল করতে পারতেন না।
ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন্নবী বলেন, কুপির আগুন কম্বলে লেগেই তার মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবার তার দাফনের ব্যবস্থা করছে।
