আগের দুই হামলা থেকে শিক্ষা, মার্কিন নৌবাহিনীকে ঘিরে ইরানের নতুন যুদ্ধকৌশল
অনলাইন ডেস্ক
আগের দুই দফা সংঘাত থেকে শিক্ষা নিয়ে মার্কিন নৌবাহিনীকে ঘিরে নিজেদের সামরিক কৌশলে পরিবর্তন এনেছে ইরান। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজায়ি জানিয়েছেন, নতুন করে সংঘাত শুরু হলে পারস্য উপসাগর থেকে ওমান উপসাগর ও আরব সাগর পর্যন্ত মার্কিন নৌবাহিনীকে ইরানের মূল লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে শনিবার এ কথা জানান রেজায়ি। তিনি বলেন, আগের দুই দফা সংঘাতের পর ইরান তাদের সামরিক পরিকল্পনায় পরিবর্তন এনেছে। এখন মার্কিন নৌবাহিনীর ওপরই তাদের মূল নজর থাকবে।
রেজায়ির ভাষ্য অনুযায়ী, পারস্য উপসাগর, ওমান উপসাগর এবং আরব সাগর পর্যন্ত মার্কিন নৌবাহিনীর অবস্থান ও সামরিক সক্ষমতা ইরানের নজরে থাকবে। তবে ভারত মহাসাগরের দিকের লক্ষ্যবস্তুগুলো ইরানের আওতার বাইরে থাকবে বলে তিনি উল্লেখ করেন।
ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার আশঙ্কা রয়েছে বলেও জানান রেজায়ি। সামরিক মূল্যায়নের বরাত দিয়ে তিনি বলেন, এমন হামলার আশঙ্কা বেশ জোরালো। তবে তেহরানও সম্ভাব্য হামলা মোকাবিলা এবং পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।
রেজায়ি দাবি করেন, সম্প্রতি একটি মার্কিন বিমানবাহী রণতরীর কাছে জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরান। তাঁর দাবি, মার্কিন সামরিক বাহিনীর দুর্বলতাগুলো তেহরানের জানা রয়েছে এবং আগের তুলনায় মার্কিন বিমান হামলা মোকাবিলায় ইরান এখন বেশি প্রস্তুত।
ইরানের এই সামরিক প্রস্তুতির পাশাপাশি কূটনৈতিক যোগাযোগও অব্যাহত রয়েছে। যুদ্ধ বন্ধ এবং আলোচনায় ফেরার লক্ষ্যে কাতার ও পাকিস্তান দুই দেশের মধ্যে মধ্যস্থতা করছে। রেজায়ি জানান, কাতারের মাধ্যমে ওয়াশিংটনের কাছে ইরানের কিছু শর্তও পৌঁছে দেওয়া হয়েছে। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জবাবের অপেক্ষায় রয়েছে তেহরান।
তবে আলোচনার পথ খোলা থাকলেও রেজায়ির বক্তব্যে সামরিক প্রস্তুতির বিষয়টি স্পষ্ট। তিনি বলেন, ইরানের ওপর নতুন করে হামলা হলে দেশটি মার্কিন ঘাঁটি এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের স্বার্থে আরও শক্তিশালীভাবে আঘাত হানবে।
গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হওয়ার পর থেকেই দুই দেশকে আবার আলোচনার টেবিলে ফেরাতে কাতার ও পাকিস্তান কাজ করছে। একই সময়ে সম্ভাব্য নতুন সংঘাতের জন্য নিজেদের সামরিক পরিকল্পনাও এগিয়ে নিচ্ছে তেহরান।
সূত্র: গালফ নিউজ, অ্যাক্সিওস
