আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নৌকার প্রার্থী ইকবালুর রহিমকে শোকজ

দিনাজপুর প্রতিনিধি

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দিনাজপুর-৩ (সদর উপজেলা) আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হুইপ ইকবালুর রহিমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে ২৩ ডিসেম্বর শনিবার বিকাল ৪টার মধ্যে অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের দপ্তরে সশরীরে উপস্থিত হয়ে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তাকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এর আগে বুধবার তার নির্বাচনী এলাকার নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সাদেকীন হাবীব বাপ্পী স্বাক্ষরিত চিঠিতে এ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
কারণ দর্শানো নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন।

চিঠিতে বলা হয়, ইকবালুর রহিম ১৯ ডিসেম্বর অপরাহ্নে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে নির্বাচনী সভা করেন। সেখানে দলীয় সমর্থকেরা প্রার্থীর ছবি ও দলীয় প্রতীক সংবলিত টি-শার্ট পরে শোভাযাত্রা করেন। এটা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর বিধি ১০(ঙ)-এর সুস্পষ্ট লঙ্ঘন।

চিঠিতে আরও বলা হয়েছে, নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ঝুলানো পোস্টারে দলীয় প্রধানের সঙ্গে প্রার্থীর ছবি ব্যবহার করা হয়েছে। যেটি কোনো অনুষ্ঠানে তোলা মর্মে কমিটির কাছে প্রতীয়মান হয়েছে। এই বিষয়টি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর বিধি ৭(৫)-এর সুস্পষ্ট লঙ্ঘন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights