আজও বাড়ি যাচ্ছে মানুষ

ঈদের দ্বিতীয় দিনেও বাড়ি যাচ্ছে মানুষ। ঈদযাত্রার শুরুতে সড়কে অনেক ভোগান্তির সৃষ্টি হয়। নানা ব্যস্ততায় অনেকেই বাড়ি যেতে পারেননি। তাই আজ বাড়ি যাচ্ছেন তারা।

শুক্রবার রাজধানীর মহাখালী বাস টার্মিনালে দেখা গেছে, অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছেন কাউন্টারগুলোতে। মূলত ঢাকার আশপাশের ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর অঞ্চলের যাত্রী বেশি। তাছাড়া তাদের মধ্যে দূরপাল্লার যাত্রীও রয়েছে।
সপরিবারে জামালপুর যাবেন ইখলাস উদ্দিন। তিনি গণমাধ্যমকে বলেন, আমার অফিস ছুটি হয়েছিল ২৮ তারিখ। কিন্তু তখন যে পরিমাণ যাত্রীর চাপ ছিল, টিকিট আর কিনতে পারিনি। তাই ভাবলাম ঈদের পরেই যাই।

শেরপুরের যাত্রী কামাল হোসেন জানান, ঈদের আগে রাস্তাঘাটে অনেক ভিড় হয়। রিল্যাক্সে যাওয়ার জন্যই আজ যাচ্ছি।
ময়মনসিংহগামী মো. মোতাহার বলেন, ঈদের দিন পর্যন্ত আমাদের কাজ ছিল। সেগুলো শেষ করে বেতন বোনাস নিয়ে এখন বাড়িতে যাচ্ছি।

রাজশাহীগামী লায়লা আফরোজ বলেন, শ্বশুরবাড়ি ঢাকায়। কোরবানির দিন নানা ব্যস্ততা থাকে। সেগুলো শেষ করেই আজ বাড়ি যাচ্ছি।

একতা কাউন্টারের ম্যানেজার বোরহান উদ্দিন গণমাধ্যমে বলেন, বাসের শিডিউলে কোনো সমস্যা নেই। সময় মতোই সব বাস ছেড়ে যাচ্ছে। নানা কারণে যারা ঈদে বাড়ি যেতে পারেননি, তারা আজ যাচ্ছেন। রাস্তা ফাঁকা থাকায় আরামেই বাড়ি যেতে পারছেন যাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights