আজমির শরিফে অন্যরকম দৃশ্য

মুহাম্মদ সেলিম, ভারত থেকে ফিরে
আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতি (রহ.)-এর দরগাহয় একসময় বাংলাদেশি ভক্তদের ছিল উপচে পড়া ভিড়। কিন্তু ভিসা কড়াকড়ির কারণে এখন সেই চিত্র অনেকটাই পাল্টে গেছে। ভক্তদের সংখ্যা কমে যাওয়ায় দরগার খাদেমরা বাংলাদেশিদের জন্য ভিসা চালুর দাবি জানিয়েছেন। খাজা মঈনুদ্দিন চিশতির দরগাহর খাদেম সৈয়দ নাদিম চিশতি বলেন, ‘এক সময় প্রতিদিন দরবারের হাজার হাজার ভক্তের সমাগম ঘটত। এ ভক্তদের উল্লেখযোগ্য সংখ্যকই ছিল বাংলাদেশি। কিন্তু ভিসা বন্ধের কারণে তা কয়েক শ-তে নেমে এসেছে। খাজা বাবার ভক্তদের কথা চিন্তা করে বিশেষ ভিসা চালুর দাবি করছি।’ খাজা মঈনুদ্দিন চিশতির দরগাহর সেবক রুস্তম চৌধুরী বলেন, ‘আগে আমাদের খাদেমের বাড়িতে প্রতিদিন গড়ে ১৫০ থেকে ২০০ ভক্ত আতিথেয়তা গ্রহণ করতেন। বর্তমানে তা কমে সপ্তাহে ১০ জনে নেমে এসেছে।’ প্রসঙ্গত, ভারতের রাজস্থান রাজ্যের আজমিরে হজরত খাজা মঈনুদ্দিন চিশতির (রহ.) দরগাহ শরিফে এক সময় দর্শনার্থীদের ছিল উপচেপড়া ভিড়। এ দর্শনার্থীদের উল্লেখযোগ্য ছিল বাংলাদেশি। বিশেষ করে বৃহস্পতিবার এবং শুক্রবার এ ভিড় অনেক বেড়ে যেত। এ ছাড়া খাজা মঈনুদ্দিন চিশতির (রহ.) মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওরস উৎসব বাংলাদেশসহ সারা বিশ্ব থেকে লাখ লাখ ভক্তের সমাগম ঘটত। যা শুধু আধ্যাত্মিক নয়, বরং একটি মিলনমেলাও বটে। এ সময় দর্শনার্থীর সংখ্যা কয়েক গুণ বেড়ে যেত। খাজা মঈনুদ্দিন চিশতির (রহ.) আধ্যাত্মিক আকর্ষণের কারণেই ধর্ম-বর্ণনির্বিশেষে মানুষ এখানে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights