আজ ৫০ মিনিট আগেই কেন্দ্রে পৌঁছান সেই আনিসা

অনলাইন ডেস্ক
মায়ের অসুস্থতার কারণে দেড় ঘণ্টা দেরিতে কেন্দ্রে এসে প্রথম দিন হলে ঢুকতে না পারা ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী আনিসা আজ রবিবার পরীক্ষায় অংশ নিয়েছেন।

মিরপুরের সরকারি বাঙলা কলেজ কেন্দ্রে এদিন সকাল ১০টা থেকে শুরু হওয়া বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষায় অংশ নেন আনিসা। আনিসার মা সংবাদমাধ্যমকে বলেন, আজকে আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে। আপনারাসহ বাংলাদেশের সবাই আমার মেয়ের জন্য দোয়া করেন যেন সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে।

সরকারি বাঙলা কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. হাফিজুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, আজ সকালে পরীক্ষা শুরুর ৫০ মিনিট আগেই মেয়েটি কেন্দ্রে প্রবেশ করে।

বাঙলা কলেজের অধ্যাপক কামরুল হাসান জানান, পরীক্ষা দেওয়ার জন্য মেয়েটি এসেছে, কোনো সমস্যা হয়নি।

এর আগে গত ২৬ জুন থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষা শুরুর দিন বাংলা প্রথমপত্র পরীক্ষা দিতে পারেননি আনিসা।

মিরপুরের সরকারি বাঙলা কলেজ ছিল আনিসার পরীক্ষা কেন্দ্র। মা অসুস্থ থাকায় দেড় ঘণ্টা দেরিতে কেন্দ্রে এসে ঢুকতে না পেরে কেন্দ্রের সামনে কান্নাকাটির দৃশ্য গণমাধ্যমে ভাইরাল হয়। এরপর মানবিক বিবেচনায় তাকে পরীক্ষায় অংশ নেওয়ার দাবি উঠে। পরে শিক্ষা মন্ত্রণালয় তার বিষয়ে মানবিক সিদ্ধান্ত নেবে বলে জানায়।

শনিবার ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, রবিবার থেকে আনিসা পরীক্ষায় অংশ নেবে।

প্রথম পরীক্ষা দিতে না পারা এবং সেই পরীক্ষার মূল্যায়ন নিয়ে অধ্যক্ষ বলেন, শিক্ষা মন্ত্রণালয় এবং বোর্ড বিষয়টি মানবিকভাবে দেখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights