আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
মামুনুর রশিদ, বগুড়া ও শেখ রুহুল আমিন, ঝিনাইদহ
BP 101বগুড়ার শাজাহানপুরের কৃষক মিজানুর রহমান। নিজের জমিতে উৎপাদিত মুলা মহাস্থান হাটে বিক্রি করেছেন কেজিপ্রতি ৫ টাকা দরে। পরদিন সেই মুলাই রাজধানীর মিরপুরের বাজারে বিক্রি হয়েছে ৪০ থেকে ৫০ টাকা কেজি। অর্থাৎ কৃষকের কাছ থেকে যে দামে মুলা কেনা হয়েছে, ঢাকার ভোক্তাকে তা কিনতে হয়েছে ৮ থেকে ১০ গুণ বেশি দামে। একই চিত্র ঝিনাইদহের লাউয়ের বাজারেও। সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের কৃষক রাশেদুল ইসলাম একটি লাউ বিক্রি করেছেন ১৫ টাকায়। সেই লাউ রাজধানীর কারওয়ান বাজারে ভোক্তাকে কিনতে হয়েছে ৫০ টাকায়। একইভাবে ২৫ টাকার শিম ঢাকায় এসে বিক্রি হচ্ছে ৭০ টাকায়। কৃষকের মাঠ থেকে রাজধানীর বাজারে পৌঁছাতে একই সবজির দাম এত বাড়ছে কেন? বাড়তি এই অর্থের কতটা যাচ্ছে উৎপাদন, পরিবহন ও বাজার ব্যবস্থাপনার খরচে, আর কতটা মুনাফা হিসেবে ভাগ হচ্ছে বিভিন্ন হাতের মধ্যে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে বগুড়ার মহাস্থান হাট ও ঝিনাইদহ থেকে সবজিবাহী ট্রাকে চড়ে ঢাকায় আসেন বাংলাদেশ প্রতিদিনের দুই প্রতিবেদক। গত শুক্রবার সন্ধ্যায় যাত্রা শুরু করে মধ্যরাতে পৌঁছান রাজধানীতে। এরপর কৃষকের বিক্রি করা সবজি অনুসরণ করেন কারওয়ান বাজারের আড়ত থেকে খুচরা বিক্রেতা হয়ে ভোক্তার কেনা পর্যন্ত। কথা বলেছেন কৃষক, আড়তদার, হাটের ইজারাদার, ব্যবসায়ী ও পরিবহনশ্রমিকদের সঙ্গে।
বাংলাদেশ প্রতিদিনের এই অনুসন্ধানে জানা যায়, খেত থেকে সবজি তুলে বিক্রির জন্য কৃষক প্রথম যে হাটে নেন, সেখান থেকেই শুরু হয় কৃষিপণ্যে নামে বেনামে টাকা আদায়। এরপর ভোক্তা পর্যন্ত সেই সবজি পৌঁছাতে অন্তত পাঁচবার হাতবদল হয়। এর সঙ্গে জড়িয়ে আছে ফড়িয়া, স্থানীয় পাইকার, আড়তদার, বড় পাইকার, পরিবহন ব্যবসায়ী ও খুচরা বিক্রেতাসহ একাধিক পক্ষ। প্রতিটি স্তরে যোগ হচ্ছে খরচ, কমিশন, মুনাফা এবং কখনো কখনো অস্বচ্ছ লেনদেন। সব মিলিয়ে কৃষকের মাঠ থেকে ভোক্তার রান্নাঘর পর্যন্ত পৌঁছাতে সবজির দাম বেড়ে যাচ্ছে কয়েক গুণ।
কৃষকের লাভ কম
মুলা আর লাউয়ের মতোই বগুড়ায় ২০ টাকার ফুলকপি ঢাকায় এসে বিক্রি হয়েছে ৫০ টাকায়। বগুড়ার কৃষক শফিকুল জানান, তিনি ফুলকপি বিক্রি করেছেন ২০ টাকা দরে। আর এই ২০ টাকায় বিক্রি করে তার লাভ হয়েছে ৫ টাকা। তিনি জানান, একটি ফুলকপি ফলাতে তার খরচ হয়েছে ১৫ টাকা। এর মধ্যে চারা ২ টাকা, রোপণের সময় খরচ হয় ৫০ পয়সা, লেবার খরচ ২ টাকা, মেডিসিন ১ টাকা, বাজার জাত ভ্যানগাড়ি ১ থেকে দেড় টাকা, সেচ খরচ ২ টাকা, সার ১ থেকে দেড় টাকা, জমির মূল্য গড়ে ২ টাকা এবং ভুতর্কিসহ মোট ১৫ টাকা। সর্বশেষ মহাস্থান হাটে কৃষক বিক্রি করছেন ২০ টাকা দরে। বিক্রি না হলে তার পুরোটাই লোকসান।
ঢাকায় আসতে পাঁচবার হাতবদল
প্রথম স্তর কৃষক। কৃষক জমি প্রস্তুত করেন। বীজ কেনেন, সার ও কীটনাশক ব্যবহার করেন, সেচ দেন এবং শ্রমিক দিয়ে ফসল উৎপাদন করেন। উৎপাদনের পুরো ঝুঁকি তাঁর। কিন্তু ফসল বিক্রির সময় বাজার দর নির্ধারণে তাঁর প্রভাব খুব কম।
দ্বিতীয় স্তর হচ্ছে ফড়িয়া বা স্থানীয় সংগ্রাহক। ফড়িয়ারা বিভিন্ন কৃষকের কাছ থেকে সবজি সংগ্রহ করেন। তাঁদের মাধ্যমে ছোট ছোট উৎপাদন একত্র হয়ে বড় চালানে পরিণত হয়। অনেক ক্ষেত্রে কৃষক নিজে শহরে পণ্য পাঠাতে পারেন না। তাই ফড়িয়াদের ওপর নির্ভর করতে হয়।
তৃতীয় স্তর হলো ব্যাপারি বা পরিবহনকারী ব্যবসায়ী। তাঁরা উৎপাদন এলাকা থেকে সবজি বড় বাজারে নিয়ে যান। পরিবহন, শ্রমিক, লোডিং-আনলোডিং ও বাজারে প্রবেশসংক্রান্ত খরচ তাঁদের ব্যবসার অংশ।
চতুর্থ স্তর আড়তদার। আড়তদার সাধারণত পাইকারি বাজারে পণ্য বিক্রির ব্যবস্থা করেন। অনেক ক্ষেত্রে কমিশনের ভিত্তিতে লেনদেন পরিচালিত হয়।
পঞ্চম স্তর হলো পাইকারি ব্যবসায়ী। পাইকাররা বড় পরিমাণে সবজি কিনে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করেন এবং ষষ্ঠ স্তর হলো খুচরা বিক্রেতা। সবশেষে খুচরা বিক্রেতার কাছ থেকে ভোক্তা সবজি কেনেন। অর্থাৎ কৃষক থেকে ভোক্তার মাঝে সবজি পাঁচবার হাতবদল হচ্ছে।
পাঁচ ধাপে যেভাবে দাম বাড়ছে
অনুসন্ধানে জানা যায়, এই দীর্ঘ প্রক্রিয়ায় কৃষকের পর থেকে পাঁচটি ধাপে দাম বাড়ছে। আর এই দামের অধিকাংশই বেড়েছে রাজধানীর খুচরা বাজারে। একজন কৃষক ৫ টাকা কেজি দরে মুলা বিক্রি করলেও তার লাভ হয় ১ টাকা ৭৫ পয়সা। তার খরচ ৩ টাকা ৭৫ পয়সা। কৃষকের ৫ টাকা দরের এই মুলা রাজধানীতে বিক্রি হয় ৫০-৬০ টাকায়। প্রথমে তিনি ৫ টাকায় বিক্রি করেন ফড়িয়ার কাছে। সেই ফরিয়া বগুড়ার মহাস্থান হাটে পরিবহন বা পাইকারদের কাছে বিক্রি করছেন ১০ টাকায়। এরপর পাইকারি সেই ১০ টাকা দরের মুলা ট্রাকে করে রওনা হন। এরপর ঢাকার কারওয়ান বাজারের আড়তে আরেক পাইকারির হাতে চলে যায় মুলা। আড়তে পাইকারির কাছে বিক্রি করছেন ২০ টাকায়। এখানে অবশ্য পরিবহন, শ্রমিক, লোডিং-আনলোডিং ও বাজারে প্রবেশসংক্রান্ত খরচ থাকে। কমিশনের ভিত্তিতে আড়তদার পাইকারি দরে এই মুলা বিক্রির ব্যবস্থা করেন। পাইকাররা এই মুলা খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রী করেন ৩০ টাকায়। আর এই মুলা খুচরা ব্যবসায়ীরা ভোক্তাদের কাছে বিক্রি করেন ৫০ থেকে ৬০ টাকায়। অর্থাৎ খুচরা ব্যবসায়ীরা লাভ করছে সবচেয়ে বেশি।
একইভাবে স্থানীয় পর্যায়ে কৃষকের কাছ থেকে ১৫ টাকা কেজি দরে কেনা ঢ্যাঁড়শ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। ২৫ টাকার শিম ঢাকায় এসে ৭০ টাকা, ৩০ টাকার বরবটি ঢাকায় বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। কাঁচকলা ২০ টাকা হালি হলেও ঢাকায় ৪৫ থেকে ৫০ টাকা হালি করে বেচা হচ্ছে। এ ছাড়া টম্যাটো, বেগুন, শিম ও কাঁচা মরিচের ক্ষেত্রেও পাইকারি ও খুচরা বাজারে কেজিপ্রতি ৪০ থেকে ৭০ টাকা পর্যন্ত দামের ব্যবধান দেখা যাচ্ছে।
ধলতার নামে কৃষকের সবজি কেটে রাখা
সবজির বাজারে কৃষকের ক্ষতির শুরু অনেক সময় হাট থেকেই। বগুড়ার মহাস্থানহাটে সবজি বিক্রির সময় ‘ধলতা’ নামে অতিরিক্ত সবজি নেওয়ার অভিযোগ রয়েছে। কৃষকদের অভিযোগ, প্রতি মণে দুই কেজি করে সবজি অতিরিক্ত দিতে হয় ব্যাপারি ও আড়তদারদের। এর বাইরে হাটের খাজনা হিসেবেও প্রতি মণে দুই কেজি সবজি নেওয়া হয়।
বগুড়া সদরের কৃষক আল আমিন মহাস্থান হাটে ১০ মণ টম্যাটো বিক্রি করেন। প্রতি মণ ৮০০ টাকা দর নির্ধারণ হলেও ১০ মণের পরিবর্তে তাঁকে ৯ মণের দাম দেওয়া হয়। ৮ হাজার টাকার জায়গায় পান ৭ হাজার ২০০ টাকা। তাঁর অভিযোগ, ২০ কেজি ধলতা এবং আরও ২০ কেজি খাজনা হিসেবে কেটে রাখা হয়েছে।
কৃষকের খরচ বাড়ে, দাম কমে
বগুড়া সদর উপজেলার তেলিহারা গ্রামের কৃষক সাইফুল ইসলাম এক বিঘা জমিতে মুলার আবাদ করেছেন। তাঁর হিসাবে, সার, কীটনাশক, ওষুধ ও সেচসহ উৎপাদনে খরচ হয়েছে প্রায় ১৫ হাজার টাকা। ওই জমিতে উৎপাদিত হয়েছে ১০০ মণ মুলা। কিন্তু বাজারে এসে দেখছেন, উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম পাচ্ছেন না।
সাইফুল ইসলাম বলেন, সেদিন পাঁচ মণ মুলা বিক্রির জন্য মহাস্থান হাটে নিয়ে এসেছিলেন। সকালে দুই মণ মুলা ৫০০ টাকা দরে বিক্রি করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দাম নেমে আসে মণপ্রতি ২০০ টাকায়। তাঁর অভিযোগ, পাইকারি আড়তদাররা একই বাজারে একই সবজি বিভিন্ন দামে কিনছেন। তাঁদের নির্ধারিত দামের বাইরে কৃষকদের কিছু করার থাকে না। এতে উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাওয়া কঠিন হয়ে পড়েছে।
শিবগঞ্জ উপজেলার গুজিয়া গ্রামের কৃষক মো. জিয়াউর রহমান চার মণ ফুলকপি নিয়ে এসেছিলেন মহাস্থান হাটে। তিনি বলেন, প্রথমে প্রতি মণ ফুলকপির দাম উঠেছিল ৮০০ টাকা। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই দাম নেমে আসে ৬০০ টাকায়। তাঁর অভিযোগ, পাইকারি আড়তদারদের নিয়ন্ত্রণে দরদাম ওঠানামা করে। বাধ্য হয়ে তাঁদের নির্ধারণ করা দামেই সবজি বিক্রি করতে হয়। এভাবে চলতে থাকলে কৃষক সবজি চাষে আগ্রহ হারাবেন। কৃষকদের অভিযোগ, উৎপাদনের সময় সার, কীটনাশক ও সেচের খরচ বাড়লেও ফসল বিক্রির সময় সেই অনুপাতে দাম পাওয়া যায় না। অন্যদিকে সরবরাহব্যবস্থার বিভিন্ন পর্যায়ে ব্যবসায়ীরা নিজেদের মুনাফা ঠিকই তুলে নিচ্ছেন।
পরিবহন খরচের বাইরে বাড়তি মুনাফা
কৃষকের কাছ থেকে সবজি সংগ্রহ করে ঢাকার পাইকারি বাজারে পৌঁছানো পর্যন্ত প্রতি কেজিতে প্রায় ৮ থেকে ১০ টাকা খরচ হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এর মধ্যে মহাস্থানহাটের খাজনা কেজিপ্রতি প্রায় ৫০ পয়সা, প্যাকেজিংয়ে ২ টাকা, লোড-আনলোডে ১ টাকা এবং পরিবহনে প্রায় ৩ টাকা খরচ হয়। এর বাইরে রয়েছে ব্যবসায়ীদের লাভ, আড়ত কমিশন ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয়।
মহাস্থান হাটের মা-বাবা সবজি ভান্ডারের স্বত্বাধিকারী ও পাইকারি আড়তদার মো. এমদাদুল হক বলেন, ভরা মৌসুমে মহাস্থান থেকে প্রতিদিন সবজিবোঝাই ৭০ থেকে ৮০টি ট্রাক রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় যায়। মহাস্থান থেকে কয়েক হাজার টন সবজি ঢাকা, সিলেট, বরিশালসহ বিভিন্ন জেলায় পাঠানো হয়। এমদাদুল হকের ভাষ্য, তাঁরা স্বল্প লাভে কাঁচা শাকসবজি বিক্রি করেন। কিন্তু খুচরা বাজারে গিয়ে দাম প্রায় দ্বিগুণ হয়ে যায়। এতে সাধারণ ক্রেতাদের দুর্ভোগ বাড়ে।
ঝিনাইদহ নতুন হাটখোলার আড়তদার নওশের আলী জানান, আড়তে আসার পর কাঁচামাল ব্যবসায়ীরা তুলনামূলক কম দামে সবজি কিনে নিয়ে যান। কিন্তু পরবর্তী লোকাল পর্যায়ে ব্যবসায়ী প্রতি কেজিতে প্রায় ১৫ থেকে ২০ টাকা বেশি দামে বিক্রি করেন। এরপর সেই সবজি ঢাকায় পৌঁছানোর পর দাম তিন থেকে চার গুণ পর্যন্ত বেড়ে যায়। তিনি এ ক্ষেত্রে প্রশাসনিক তদারকির ঘাটতিকে দায়ী করেন।
চাঁদা নেই, তবুও দাম বৃদ্ধি
ঝিনাইদহ থেকে নিয়মিত সবজি পরিবহন করেন মহেশপুর উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামের ট্রাকচালক আবু বকর। তিনি জানান, নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে ঢাকা যাওয়ার পথে বাবুবাজার ও গুলিস্থানসহ বিভিন্ন স্থানে এবং গাড়ির কাগজপত্রের অজুহাতে আরও কয়েকটি জায়গায় চাঁদা দিতে হতো। বর্তমানে এসব চাঁদা দিতে হয় না। তবে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় পরিবহন খরচ বেড়েছে। আগে ঝিনাইদহ থেকে ঢাকায় একটি ট্রাকের ভাড়া ছিল ১৯ হাজার টাকা, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার টাকায়।
