আড়াই মাস পর আন্দোলনে নিহত যুবকের মরদেহ উত্তোলন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে নিহত নিহত আবুল হাসান স্বজনের (২৫) মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে নবীগঞ্জ কবরস্থান থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত উজ জামানের উপস্থিতিতে তার মরদেহ তোলা হয়।
মরদেহ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামান বলেন, আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য কবর থেকে মরদেহ তোলা হয়েছে।
জানা গেছে, গত ৫ আগস্ট দুপুরে নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় আন্দোলন চলাকালীন সময়ে ল্যাবএইড হাসপাতালের সামনে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয় স্বজন। পরে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে প্রায় সাড়ে ৫ ঘণ্টার অপারেশনের পর পেট থেকে বের করা হয় গুলি। পরদিন ৬ আগস্ট সন্ধ্যায় আইসিইউতে মারা যান তিনি।
নিহতের বড় ভাই অনিক বলেন, আমার ভাই মৃত্যুর ঘটনায় গত ১৮ আগস্ট রাতে সদর মডেল থানায় মামলা দায়ের করি। সেই মামলায় তদন্তের জন্য আজকে স্বজনের লাশ তোলা হয়েছে। ময়নাতদন্ত শেষে আবার দাফন করা হবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশ পরিদর্শক ফরিদ আহম্মদ বলেন, মামলার তদন্তের জন্য আজকে লাশটি উত্তোলন করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত দুজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights