আড়াই হাজার লিটার ভেজাল দুধ জব্দ, জরিমানা
পাবনা প্রতিনিধি:
পাবনার সাঁথিয়া উপজেলায় অভিযান চালিয়ে আড়াই হাজার লিটার ভেজাল দুধ জব্দ ও বিনষ্ট করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় জুই ডেইরি ফার্ম নামে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি সাময়িকভাবে সিলগালা করে দেওয়া হয়।
রবিবার (৬ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া উপজেলার নাগডেমড়া এলাকায় অবস্থিত ওই ডেইরি ফার্মে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: মাহমুদ হাসান রনি।
তিনি জানান, জুই ডেইরি ফার্মে দুধের পরিমাণ ও ঘনত্ব কৃত্রিমভাবে বাড়ানোর জন্য জেলিজাতীয় পদার্থ এবং দীর্ঘসময় তা সতেজ রাখার জন্য হাইড্রোজেন পার-অক্সাইড মেশানো হচ্ছিল। অভিযানে ক্ষতিকর জেলিজাতীয় পদার্থের দুই ব্যারেল উপাদান এবং প্রায় ২,৫০০ লিটার ভেজাল দুধ জব্দ করে স্পটেই বিনষ্ট করা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২, ৪৩ ও ৪৫ ধারা অনুযায়ী অপরাধ স্বীকার করায় প্রতিষ্ঠানের মালিক মো: মানিককে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয় কর্তৃপক্ষ। অভিযান পরিচালনাকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব মোঃ মাহমুদ আলম এবং আনসার ব্যাটালিয়নের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও নকল খাদ্যের বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সাথে যেকোনো ভেজাল পণ্যের সন্ধান পেলে জাতীয় হটলাইন নম্বরে জানানোর জন্য সাধারণ ভোক্তাদের আহ্বান জানানো হয়েছে। জেলিজাতীয় পদার্থ ও হাইড্রোজেন পার-অক্সাইড মিশ্রিত দুধ গ্রহণ বিশেষ করে শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকিপূর্ণ। এর ফলে পাকস্থলী ও অন্ত্রের প্রদাহ, লিভার ও কিডনির ক্ষতি এবং পুষ্টিহীনতার মতো গুরুতর সমস্যা দেখা দিতে পারে।
