আত্রাইয়ের আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি

বাবুল আখতার রানা, নওগাঁ

রেলওয়েকে বিপুল রাজস্ব দিয়েও যাতায়াত সুবিধায় পিছিয়ে রয়েছে নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলস্টেশন। ঢাকাগামী মোট ৯টি ট্রেনের মধ্যে মাত্র দুটির যাত্রাবিরতি থাকায় টিকিট না পেয়ে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন ঢাকাগামী হাজারো যাত্রী। যাত্রী ভোগান্তি লাঘবে ঢাকাগামী অন্য ট্রেনগুলোরও এখানে যাত্রাবিরতির জোর দাবি উঠেছে।

সংশ্লিষ্টরা বলছেন, আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলস্টেশনটি ভৌগোলিক কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ স্টেশনের উত্তরে নওগাঁর রাণীনগর উপজেলা, পশ্চিমে রাজশাহীর বাগমারা উপজেলা, দক্ষিণে নাটোরের নলডাঙ্গা ও সিংড়া উপজেলা ও পূর্বদিকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা অবস্থিত। আর এই উপজেলাগুলোর বেশির ভাগ মানুষ ট্রেনযোগে ঢাকা যাতায়াতের ক্ষেত্রে আহসানগঞ্জ রেলস্টেশনটি ব্যবহার করে থাকেন।

তবে ঢাকাগামী মোট ৯টি ট্রেন এই স্টেশনের ওপর দিয়ে প্রতিদিন যাতায়াত করে। ব্রডগেজ লাইনের ট্রেনগুলো হলো চিলাহাটি এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেস। মিটারগেজ লাইনের ট্রেনগুলো হলো লালমনি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও বুড়িমারী এক্সপ্রেস। এর মধ্যে শুধু নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসের আত্রাইয়ে যাত্রাবিরতি রয়েছে। অন্যগুলোর যাত্রাবিরতি নেই।

ট্রেনযাত্রী খোরশেদ আলম, ইলিয়াছ আহমেদসহ অনেকেই জানান, জরুরি প্রয়োজনে প্রায় সময় ঢাকা যাতায়াত করতে হয়। দুটি ট্রেনের যাত্রাবিরতি থাকলেও যাত্রীর সংখ্যা অনেক বেশি হওয়ায় টিকিট পাওয়া যায় না। এজন্য ঢাকা যাতায়াতের ক্ষেত্রে আমাদের প্রতিনিয়ত দারুণ দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঢাকাগামী অন্য ট্রেনগুলোর আহসানগঞ্জ রেল স্টেশনে যাত্রাবিরতি দিলে এ সমস্যার সমাধান হবে।

আহসানগঞ্জ স্টেশন সূত্রে জানা গেছে, প্রতিমাসে বিপুল পরিমাণ রাজস্ব আয় সরকারি খাতে জমা পড়ে এই স্টেশন থেকে যা, আশপাশের অন্য রেলস্টেশন থেকেও বেশি।

স্থানীয় সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি রেজাউল ইসলাম বলেন, সমগ্র নওগাঁ জেলার মধ্যে আত্রাইয়ের আহসানগঞ্জ রেলস্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেশন। ঢাকাগামী ট্রেনগুলোর এখানে যাত্রাবিরতি জরুরি। অসংখ্য মানুষের দুর্ভোগ লাঘবের জন্য ঢাকাগামী ট্রেনগুলোর যাতে আহসানগঞ্জ রেল স্টেশনে যাত্রাবিরতি হয়, সে ব্যাপারে আমি আন্তরিকভাবে চেষ্টা করব।

আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান বলেন, আহসানগঞ্জ রেলস্টেশনে যাত্রীদের দুর্ভোগের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে এবং জনস্বার্থ বিবেচনায় ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে উপস্থাপন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights