আদমদীঘিতে একই প্রকল্পে দুই বার বরাদ্দের অভিযোগে তদন্ত শুরু
বিশেষ প্রতিনিধি, বগুড়া
বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের বিরুদ্ধে একই প্রকল্পে দুই দফায় বরাদ্দ দেওয়ার অভিযোগে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। গত ১৬ জুলাই জাতীয়প্রকাশিত প্রতিবেদনে অভিযোগ করা হয়, কাজ বাস্তবায়ন না করেই পাঁচ মাসের ব্যবধানে একই প্রকল্পে দুই দফায় মোট এক কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি জেলা প্রশাসকের নজরে এলে তদন্ত কমিটি গঠন করা হয়।
জেলা প্রশাসকের গঠিত তদন্ত কমিটিতে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জ্যোতি বিকাশ চন্দ্র, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি শাকিউল ইসলাম এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোতাহার হোসেন সদস্য হিসেবে রয়েছেন।
বুধবার (২৯ জুলাই) দুপুরে তদন্তকারী দল আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং প্রকল্প এলাকা পরিদর্শন করেন।
স্থানীয়দের অভিযোগ, বরাদ্দের বিপরীতে প্রকল্পের দৃশ্যমান কোনো কাজ না থাকায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন উপজেলার সচেতন নাগরিকরা।
জানা গেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা শাখা-২ থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে একই অর্থবছরে আদমদীঘি উপজেলা প্রশাসনিক ভবন, আবাসিক ভবন ও রাস্তা মেরামতের জন্য প্রায় একই ধরনের প্রকল্পে দুই দফায় ৫০ লাখ টাকা করে মোট এক কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।
বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, প্রকাশিত সংবাদটি তার নজরে আসার পরপরই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তকারী দল সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছে এবং প্রকল্প পরিদর্শন করেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
