আদাবরে কিশোর গ্যাং নেতা ‘পাংখা রুবেল’ গ্রেফতার

অনলাইন ডেস্ক

রাজধানীর আদাবর থানা এলাকার ত্রাস, তালিকাভুক্ত শীর্ষ ছিনতাইকারী ও একাধিক পরোয়ানাভুক্ত আসামি রুবেল ওরফে ‘পাংখা রুবেলকে’ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে আদাবর এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত রুবেল স্থানীয় শেখেরটেক এলাকার কুখ্যাত কিশোর গ্যাং ‘রক্ত চোষা জনি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে আদাবর থানায় ছিনতাই, দস্যুতা, চাঁদাবাজি ও মাদক সংক্রান্ত মোট ৯টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। জানা গেছে, ইতিপূর্বেও সে তিনবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল, তবে প্রতিবারই জামিনে বেরিয়ে এসে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চুরি, ছিনতাই এবং ডাকাতির ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। জননিরাপত্তা বিঘ্নিত হওয়ায় স্থানীয় বাসিন্দারা দফায় দফায় থানায় বিক্ষোভ প্রদর্শন করেন। জনমনে স্বস্তি ফেরাতে আইনশৃঙ্খলা বাহিনী ওই এলাকায় নিয়মিত ‘সাঁড়াশি অভিযান’ পরিচালনা করছে। অপরাধ নির্মূল ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights